ধর্মভিত্তিক দল নিষিদ্ধ করার এখতিয়ার কেবল সরকারের: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। ধর্মীয় বা সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত কোনো রাজনৈতিক দলকে যদি বাতিল করতে হয়, তবে তা সরকারকেই করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শামসুল হুদা গতকাল রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।সিইসি বলেন, সরকার যদি নিবন্ধিত বা অনিবন্ধিত কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা করে, তবেই নির্বাচন কমিশন তার নিবন্ধন বাতিল করতে পারবে।গত শনিবার ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধের ব্যাপারে সরকারি পদক্ষেপের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বন্ধের সিদ্ধান্ত নিতে পারে কেবল নির্বাচন কমিশন। আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন চূড়ান্ত করবে ধর্মভিত্তিক রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া হবে কি না। তবে তিনি বলেন, আদালতের রায়ের কপি হাতে পেলে সরকার এ ব্যাপারে করণীয় নির্ধারণ করবে। আইনমন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতেই সিইসি শামসুল হুদা সাংবাদিকদের কাছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের ব্যাপারে নির্বাচন কমিশনের ভূমিকা ব্যাখ্যা করেন। সিইসি জানান, ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন মে মাস থেকে পর্যায়ক্রমে শুরু হবে এবং শেষ সপ্তাহে হবে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন।