সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে সুপারিশ করেছে সেক্টর কমান্ডারস ফোরাম। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে গতকাল বৃহস্পতিবার তাঁরা এ সুপারিশ করেন।সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে ফোরামের ভাইস চেয়ারম্যান কে এম সফিউল্লাহ সাংবাদিকদের জানান, ফোরামের পক্ষ থেকে বিশেষ কমিটির কাছে লিখিত প্রস্তাব উত্থাপন করা হয়েছে। তাতে তাঁরা ১৯৭২-এর সংবিধানের মূল চেতনার আলোকে সংবিধান সংশোধনের পক্ষে মত দিয়েছেন।সফিউল্লাহ বলেন, ‘সংবিধান থেকে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্মের বিধান বাদ দেওয়ার সুপারিশ করেছে ফোরাম। দ্বিজাতিতত্ত্ব প্রত্যাখ্যান করে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ধর্মীয় ভিত্তিতে দেশ স্বাধীন হলে দেশের নাম গণপ্রজাতন্ত্রী না হয়ে ইসলামি প্রজাতন্ত্র হতো।’বৈঠকে ফোরামের নেতৃত্ব দেন এর চেয়ারম্যান পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে কে এম সফিউল্লাহ ছাড়া আরও ছিলেন আবু ওসমান চৌধুরী, হারুন-অর-রশিদ, সামসুল আলম, আনোয়ারুল আলম, নূর আলম ও নুরুল আনোয়ার।