ধর্মভিত্তিক দল নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সিলেট সার্কিট হাউসে গতকাল শুক্রবার সকালে ওলামা-মাশায়েখদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। যুদ্ধাপরাধীদের বাঁচাতে ধর্মভিত্তিক দলগুলোয় ঢুকে জামায়াত-শিবির যাতে সহিংসতা চালাতে না পারে, সেজন্য সতর্ক থাকতেও তিনি আহ্বান জানান।মতবিনিময় সভায় আবদুল বাছিত বরকতপুরী, শফিকুল হক আমকুনী, আবদুল হান্নান তফাদার, রেজাউল করিম জালালী, শাহ মমশাদ আহমদ ও আলিমউদ্দিন দুর্লভপুরী প্রমুখ অংশগ্রহণ করেন।ওলামা-মাশায়েখরা অর্থমন্ত্রীকে বলেন, জামায়াত প্রকৃত ইসলামি দল নয়। তাদের কার্যকলাপ ইসলামের সরাসরি বিরোধী। ওলামারা কথিত নাস্তিক ব্লগারদের শাস্তি নিশ্চিত করতে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।মতবিনিময় সভায় সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার নিবাস চন্দ্র, জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।জগৎজ্যোতির শোকসভা: সিলেটে ২ মার্চ নিহত গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও ছাত্রলীগের সাবেক নেতা জগৎজ্যোতি তালুকদারের শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা পরিষদ মিলনায়তনে ওই শোকসভায় অর্থমন্ত্রী প্রধান অতিথি ছিলেন।