ধর্মভিত্তিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি ২৩ মার্চ ও ৬ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ মার্চ রাজধানীর শাপলা চত্বরে ওলামা-মাশায়েখ তৌহিদি জনতা সংহতি পরিষদের ডাকা সমাবেশের দিন একই জায়গায় পাল্টা সমাবেশ ডেকেছে খেলাফত যুব আন্দোলন।আবার ৬ এপ্রিল হেফাজতে ইসলামের ঢাকা অভিমুখে লংমার্চের দিনে মতিঝিলে মহাসমাবেশের কর্মসূচি দিয়েছে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট।গতকাল লালবাগ কেল্লার মোড়ে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খেলাফত যুব আন্দোলন ২৩ মার্চ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউর একটি রেস্তোরাঁয় ওলামা-মাশায়েখ সম্মেলনে ৬ এপ্রিল সমাবেশ ডাকে বাংলাদেশ ইসলামী ঐকজোট। এর আগে ১৬ মার্চ সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহিংসতা, মানবতা ও ধর্মবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৫ এপ্রিল ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি দিয়েছিল সরকার-সমর্থক এই দলটি।গতকাল ওলামা-মাশায়েখ সম্মেলনে বাংলাদেশ ইসলামী ঐকজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী জানান, ৬ এপ্রিল রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে অথবা বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ এলাকায় সমাবেশ করবেন তাঁরা। এর আগে ২৭ মার্চ রাজধানীর পুরান ঢাকার হাজারীবাগে, ২৮ মার্চ মিরপুরে, ৩০ মার্চ উত্তরায় এবং ৩১ মার্চ বাসাবো এলাকায় সমাবেশ হবে।হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচির উল্লেখ করে মিছবাহুর রহমান বলেন, হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী চাইলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এসব দাবির ব্যাপারে করণীয় ঠিক করতে পারেন। মিছবাহুর দাবি করেন, শাহ আহমদ শফীর বার্ধক্যের সুযোগ নিয়ে ১৮ দলীয় জোটের তরুণ আলেম ও দু-একটি পত্রিকা অনেক আলেম-ওলামাকে নাস্তিক আখ্যায়িত করে নিয়মিত বিজ্ঞাপন দিচ্ছে।যেকোনো মূল্যে সমাবেশ: সকালে লালবাগে এক সংবাদ সম্মেলনে খেলাফত যুব আন্দোলনের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম ঘোষণা দেন, যেকোনো মূল্যে তাঁরা ২৩ মার্চ মতিঝিল শাপলা চত্বরে সামবেশ করবেন। এর আগে ১৪ মার্চ সংবাদ সম্মেলন করে ২৩ মার্চ শাপলা চত্বরে মহাসমাবেশের কর্মসূচি দেন ওলামা-মাশায়েখ তৌহিদি জনতা সংহতি পরিষদের আমির মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।এই সাংঘর্ষিক কর্মসূচির কারণ জানতে চাইলে ফখরুল ইসলাম বলেন, ফরিদ উদ্দিন মাসউদ শাহবাগের প্রজন্ম চত্বরে গিয়ে নাস্তিকদের সহযোগী হিসেবে নিজেকে প্রমাণ করে এসেছেন। তাঁকে প্রতিহত করা ইমানি দায়িত্ব। তাঁর কারণে দেশের অন্তত ৫০টির বেশি মসজিদের ইমামকে চাকরি হারাতে হয়েছে।রাত সোয়া আটটায় ফখরুল ইসলাম প্রথম আলোকে জানান, বেলা পৌনে একটা থেকে পুলিশের একটি দল দলীয় কার্যালয়ে তাঁকে ঘিরে রেখেছে। তিনি গ্রেপ্তারের আশঙ্কা করছেন।হেফাজত জামায়াতের ‘বি টিম’: সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইমাম-ওলামা সমন্বয় ঐক্য পরিষদের নেতারা বলেছেন, হেফাজতে ইসলামের নামে মানবতাবিরোধী অপরাধীদের রক্ষার অপতৎপরতা চালাচ্ছে জামায়াত। হেফাজতে ইসলামকে জামায়াতের ‘বি টিম’ বলেও দাবি করেন তাঁরা।