ধর্মভিত্তিক দলগুলোর বিক্ষোভ আজ
নারী উন্নয়ন নীতিমালা সংশোধনের দাবিতে কওমি মাদ্রাসাভিত্তিক দলগুলো একজোট হয়ে আন্দোলন করার পরিকল্পনা করছে। আজ শুক্রবার রাজধানীতে তারা বিক্ষোভ-সমাবেশ করবে।ধর্মভিত্তিক দলগুলোর অভিযোগ, সরকার কোরআনের বিধানের বাইরে গিয়ে উত্তরাধিকার সম্পদের ক্ষেত্রে নারীদের সমানাধিকার দেওয়ার নীতি গ্রহণ করেছে। এর প্রতিবাদে ৪ এপ্রিল সকাল-সন্ধ্যা হরতালও ডেকেছে ইসলামী ঐক্যজোট।তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নীতিমালায় উত্তরাধিকার সম্পদে নারীকে সমানাধিকার দেওয়ার কথা বলা হয়নি। নীতিমালার ২৩/৫ ধারায় বলা আছে, ‘সম্পদ, কর্মসংস্থান, বাজার ও ব্যবসায় নারীকে সমান সুযোগ ও অংশীদারিত্ব দেওয়া।’ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, সরকার এ ক্ষেত্রে উত্তরাধিকার শব্দটি রাখেনি বটে। সম্পদ নিয়ে কী বোঝাতে চায় সরকারকে ব্যাখ্যা দিতে হবে। তাঁর মতে, ঘুরিয়ে-ফিরিয়ে পিতার সম্পদকেই বোঝানো হচ্ছে। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিনও বলেছেন, ‘২৩.৫ ধারায় যা বলা হয়েছে, তা উত্তরাধিকার সম্পদকেই বোঝায়। আমরা সরকারের ব্যাখ্যা মেনে নিতে পারছি না।’ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আবদুর রব ইউসূফী বলেন, ‘সম্পত্তিতে নারীকে সমানাধিকার দেওয়ার বিষয়টি আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি। কথাটি সত্য না হলে সরকারের উচিত সেটা স্পষ্ট করে বলা।’ইসলামী আন্দোলন, ঐক্যজোট, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্য আন্দোলনসহ কয়েকটি দল আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে বিক্ষোভ করবে। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারাসিল আরাবিয়া বিক্ষোভ করবে সকালে।