ধর্মভিত্তিক দলগুলোর মিছিলে ‘হামলার’ নিন্দা ফখরুলের
পুলিশ, র্যব ও ক্ষমতাসীন দলের ‘সশস্ত্র কর্মীদের’ বিরুদ্ধে সমমনা ইসলামি ১২ দলের বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, আল্লাহ, পবিত্র কোরআন ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কতিপয় ব্লগারের কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে সারা দেশে মিছিল বের করলে পুলিশ, র্যব ও আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র কর্মীরা ঝাঁপিয়ে পড়েন। এতে কয়েকজন নিহত এবং বিপুলসংখ্যক মুসল্লি আহত হন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, পুলিশ, র্যব ও সশস্ত্র সন্ত্রাসীদের নির্বিচারে গুলি থেকে দায়িত্বরত সাংবাদিকেরাও রেহাই পাননি। ১২ জন সাংবাদিক ও ক্যামেরাম্যানের অবস্থা গুরুতর। সারা দেশে অসংখ্য নেতা-কর্মী ও সাধারণ মুসল্লিকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ সরকার একটি অশুভ পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই ইসলামের অবমাননাকারীদের মদদ দিয়ে যাচ্ছে।... সরকারের ফাঁদে পা দিয়ে কতিপয় অনলাইন ব্লগার আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের যে হুমকি দিয়েছে, তা চরম অগণতান্ত্রিক ও ধৃষ্টতাপূর্ণ।’ মির্জা ফখরুল চট্টগ্রামে আমার দেশ ও নয়া দিগন্ত ব্যুরো কার্যালয়ে হামলা করে ‘ভাঙচুর ও সাংবাদিকদের আহত করার’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।বিবৃতিতে মির্জা ফখরুল ‘পুলিশ ও র্যবের হামলায়’ নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সারা দেশ থেকে গ্রেপ্তার নেতা-কর্মী ও মুসল্লিদের নিঃশর্ত মুক্তিরও দাবি জানান তিনি।‘ধূম্রজাল সৃষ্টি করছে সরকার’ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারের নামে ধূম্রজাল সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। গতকাল বিকেলে ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্থাপন করেছে। বিচারক, কৌঁসুলি নিয়োগ দিয়েছে। সরকারের ইচ্ছার প্রতিফলন করতে রায় দিয়ে যাচ্ছেন তাদের নিয়োগ করা বিচারকেরা। পাশাপাশি নতুন প্রজন্মের ব্যানারে শাহবাগে যে আন্দোলন হচ্ছে, সরকার তার সঙ্গে সুর মিলিয়েছে।