ধর্মভিত্তিক মৌলবাদী রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মভিত্তিক মৌলবাদী রাজনীতি নিষিদ্ধ ও খেলাঘরের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আইনমন্ত্রী শফিক আহমেদের ওপর হামলাকারী জামায়াত-শিবিরকে প্রতিহত করার দাবিতে গতকাল শুক্রবার মানববন্ধন করেছে খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটি।গতকাল বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। খেলাঘর জেলা কমিটির সভাপতি রথীন চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, মণি সুপান্থ, ভবানী শংকর রায় প্রমুখ।জেলা কমিটির অন্তর্ভুক্ত সত্যাশয়ী, একতা, সমীকরণ, স্বর্ণকলি, ডিঙি-পানামী, সোনারোদ, ঝিলিমিলি, অগ্নিবন্যা, প্রজাপতি, রূপসী বাংলা ও ক্রান্তি খেলাঘর আসরের কর্মীরা মানববন্ধনে অংশ নেন।মানববন্ধনে বক্তারা জামায়াত-শিবিরসহ মৌলবাদী ধর্মভিত্তিক সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার দাবি জানান। তাঁরা অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার শেষ করার আহ্বান জানান। বক্তারা বলেন, তা না হলে সব সংস্কৃতিকর্মী সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবেন। সমাবেশ শেষে একটি মিছিল নগরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।