ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার চাঁপাতলা গ্রামের মালোপাড়া পরিদর্শন করেছে সমিঞ্চলিত সাংস্কৃতিক জোট। গতকাল শুক্রবার বিকেলে জোটের সাত সদস্যের প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত মালোপাড়া পরিদর্শন করে পাড়ার লোকজনের মুখে সেদিনের ভয়াল তাণ্ডবের কথা শোনে।
এ সময় সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা বন্ধ করতে অবিলম্বে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এ দেশের সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, মালোপাড়ায় যারা হামলা করেছে, তাদের অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। এ ধরনের হামলাকারীদের বিচার-প্রক্রিয়া ঝুলিয়ে রাখলে সাম্প্রদায়িক হামলার ঘটনা বেশি ঘটবে।
প্রতিনিধিদলে ছিলেন সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আহমেদ নিয়াজ, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, গণসংগীত সমন্বয় পরিষদের নেতা আরিফ রহমান, সাংস্কৃতিক জোটের নেতা ওয়াসিম আহমেদ ও স্বপন চৌধুরী। এ সময় সংগঠনের যশোর শাখার নেতারা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে ৭০টি পরিবারকে জাল দেওয়া হয়।
বাংলাদেশ অর্থনীতি সমিতির একটি প্রতিনিধিদল গতকাল শুক্রবার সকালে মালোপাড়া পরিদর্শন করে। সমিতির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে এক লাখ টাকা বিতরণ করা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, মালোপাড়ায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত ৪২ জনকে আটক করা হয়েছে। আটকৃতদের প্রায় সবাই জামায়াত-শিবির কর্মী।