ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘুদের ওপর সুপরিকল্পিত হামলা হয়েছে। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করে একমুখী শিক্ষা প্রণয়ন না করা হলে এ ধরনের হামলা চলতে থাকবে।

গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফে-টেরিয়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সংবাদ সম্মেলনে জোট নেতারা এসব কথা বলেন। আক্রান্ত জনপদ পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে তাঁরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।

যশোর পরিদর্শনে গিয়েছিলেন জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ ও সহসভাপতি গোলাম কুদ্দুছ। নাসির উদ্দীন ইউসুফ বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না। এদের মোকাবিলা করতে হলে দেশের তরুণ সমাজকে সংগঠিত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে হলে একমুখী শিক্ষাব্যবস্থার প্রচলন করা অপরিহার্য। গোলাম কুদ্দুছ বলেন, অভয়নগরে হামলার ঘটনায় অনেকেই সম্পদ লুণ্ঠনকে মূল কারণ হিসেবে উল্লেখ করছেন, কিন্তু সেখানে লুণ্ঠন একটি উদ্দেশ্য হতে পারে। তবে মূল কারণ রাজনৈতিক।

দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে গিয়েছিলেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। তিনি বলেন, ‘এত দিন বাংলাদেশের যে রূপ দেখে এসেছি, আর এখন সেখানে যে রূপ দেখলাম তা সম্পূর্ণ বিপরীত। আগেও ওখানে গিয়েছি, তখন মনে হয়েছিল সত্যিই জায়গাগুলো নিঃশ্বাস নেওয়ার জন্য চমৎকার। কিন্তু এখন পোড়া বাতাসে মানুষ ভয়ে নিঃশ্বাস নিতে পারছে না।’