ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি ঐক্য ন্যাপের
দেশে জঙ্গিবাদের বিস্তার রোধ করতে অবিলম্বে জামায়াত-শিবিরসহ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে ঐক্য ন্যাপ। সংগঠনটির দাবি, বিএনপি-জামায়াত সরকারের প্রশ্রয়ে জঙ্গি নেটওয়ার্ক গড়ে উঠেছিল। দেশের জঙ্গিদের সঙ্গে আল-কায়েদা ও তালেবানদের সংযোগ জোরদার হয়েছিল।
আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘পেশোয়ারে শিশুহত্যাসহ বিশব্যাপী জঙ্গি তৎপরতা রুখে দাঁড়াও’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে ঐক্য ন্যাপ এ দাবি জানায়।
গত মঙ্গলবার সকালে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ারের ওয়ারসাক রোডে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে ভয়াবহ আত্মঘাতী হামলা চালিয়েছে তালেবান অস্ত্রধারীরা। যখন হামলা চালানো হয়, তখন ওই স্কুলে পরীক্ষা চলছিল। তাই শ্রেণিকক্ষগুলো ছিল শিক্ষার্থীতে ঠাসা। হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ১৪১ জন। তাদের মধ্যে শিশু ১৩২ জন। বাকি নয়জন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী।
আজকের সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। তিনি বলেন, জামায়াত-শিবির-বিএনপির আন্দোলনের প্রতি আল-কায়েদা নেতা জাওয়াহিরির সমর্থনসূচক বক্তব্য, বাংলাদেশসহ উপমহাদেশে তাদের শাখা খোলার ঘোষণা, ময়মনসিংহে ফাঁসির আসামিসহ চার জঙ্গি ছিনতাই, প্রতিবেশী দেশে বোমা বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের জঙ্গিদের সংশ্লিষ্টতা এবং সর্বশেষ ড্রোন বিমান তৈরি করে দেশের শীর্ষ নেতাদের হত্যা করার পরিকল্পনা ভয়াবহ জঙ্গি তৎপরতার ইঙ্গিত বহন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, সরকারের চেষ্টার পরেও, জঙ্গিবাদ মাথা তুলছে। তার মানে সরকারের শৈথিল্যও আছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আজিজুর রহমান বলেন, ‘পাকিস্তানে শিশুহত্যার প্রভাব আমাদের দেশের শিশুদের ওপরেও পড়তে পারে। নিষ্পাপ শিশুরা মানুষ হত্যা, সহিংসতা দেখলে তাদের স্বাভাবিক বেড়ে ওঠা বাধাগ্রস্ত হয়। তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব, ভয়ভীতি, অনিশ্চয়তা, মানসিক বিকলাঙ্গতা দেখা দিতে পারে।’