চট্টগ্রামে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, তরুণদের চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন এসেছে। তাদের বিভ্রান্ত করে বিপথে নেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় তরুণদের গড়ে তোলা যায়নি। মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে সমাজ বিনির্মাণে কাজ করে যেতে হবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় ধর্মনিরপেক্ষ কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা প্রয়োজন। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার মধ্য দিয়ে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব।
গতকাল মঙ্গলবার বিকেলে নগরের শহীদ মিনারসংলগ্ন স্টুডিও থিয়েটার মিলনায়তনে ‘চলমান জঙ্গি সন্ত্রাস: মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম জেলা শাখা এই সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল। সংগঠনের চট্টগ্রামের আহ্বায়ক সীমান্ত তালুকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অতিথি ছিলেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি জিয়াদ আল মালুম ও নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নাদিয়া চৌধুরী।
কাজী মুকুল বলেন, জামায়াতকে নিষিদ্ধ না করে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়। জামায়াত একাত্তরে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল। জামায়াতসহ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি দীর্ঘদিনের। এটা করা হলে জঙ্গিবাদ অনেকাংশে নির্মূল হবে। তিনি বলেন, রাজনৈতিক ইসলামের নামে তরুণদের বিভ্রান্ত করা হচ্ছে। এতে আমাদেরও ব্যর্থতা রয়েছে। তরুণদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা যায়নি। সমাজের মূল্যবোধও বদলাচ্ছে। তরুণদের চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন এসেছে। তাদের বিভ্রান্ত করে কোনো কিছুর দিকে ঠেলে দেওয়া যায়। তিনি বলেন, ৭২-এর সংবিধানের আলোকে ধর্মনিরপেক্ষ কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা না গেলে জঙ্গিবাদের শিকড় ওপড়ানো সম্ভব হবে না।
জিয়াদ আল মালুম বলেন, এখন পর্যন্ত মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে ২৫টি বিচার সম্পন্ন হয়েছে। যত দিন সব যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন হবে না, যত দিন এই দেশ রাজাকার ও জঙ্গিমুক্ত হবে না, তত দিন ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলন চলবে বলে জানান তিনি।
নাদিয়া চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের চর্চা ঠিকমতো না হওয়ায় একটি গোষ্ঠী তরুণদের বিভ্রান্ত করার সুযোগ পাচ্ছে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শওকত বাঙালির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল, নগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া, নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ প্রমুখ।