সিলেটে বিভাগীয় মুক্তিযোদ্ধা মহাসমাবেশে ধর্মভিত্তিক রাজনীতি চিরতরে বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে বলেছেন, ‘ধর্মভিত্তিক রাজনীতি চিরতরে বন্ধ করুন—সরকারের এ উদ্যোগে মুক্তিযোদ্ধারা সহযোগী হয়ে থাকবে।’ গতকাল বৃহস্পতিবার সিলেট নগরের রিকাবীবাজারে সিলেট মিলনায়তনে এ মহাসমাবেশ হয়। সিলেট বিভাগের সব জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধারা এতে অংশ নেন। মহাসমাবেশে সভাপতির বক্তব্যে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান বীরপ্রতীক বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া সম্পন্ন করতে আমরা সারা দেশের মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে সংগঠিত করার প্রয়াস চালাচ্ছি। বাধা এলে মুক্তিযোদ্ধারা এর দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে।’ নিজামী-মুজাহিদ-সাঈদী-কামারুজ্জামান-কাদের মোল্লাকে গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, তালিকাভুক্ত অন্য যুদ্ধাপরাধীদেরও শিগগিরই গ্রেপ্তার করতে হবে। এ ছাড়া মহাসমাবেশ থেকে মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধি, প্রতিটি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা সিট বরাদ্দ, সব মুক্তিযোদ্ধার জন্য রেশনিং চালু, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যানকে মন্ত্রীর মর্যাদা প্রদান এবং মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি কোটা যথাযথভাবে পূরণ করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।মহাসমাবেশে সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিটি করপোরেশন এলাকায় মুক্তিযোদ্ধাদের জন্য হোল্ডিং ও পানির কর মওকুফ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি অন্যান্য সিটি করপোরেশন ও পৌরসভায় একই উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।মহাসমাবেশে বক্তব্য দেন ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলা কমিটির মহাসচিব নিজাম উদ্দিন লস্কর, সাবেক সাংসদ শাহ আজিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামসুদ্দোহা, হবিগঞ্জের মুক্তিযোদ্ধা মো. নূর আলী পাঠান, মৌলভীবাজারের রফিকুর রহমান, সুনামগঞ্জের নূরুল মোমিন প্রমুখ।