ধর্মভিত্তিক সাতটি দল আজ ‘দোয়া ও বিক্ষোভ’ কর্মসূচি পালন করবে
আজ শুক্রবার জুমার নামাজের পর ‘দোয়া ও বিক্ষোভ’ কর্মসূচি পালন করবে ধর্মভিত্তিক সাতটি দল ও সংগঠন। গতকাল বৃহস্পতিবার দলগুলোর এক যৌথ বিবৃতিতে বলা হয়, ধর্মের অবমাননার প্রতিবাদে ‘নাস্তিক ব্লগারদের’ বিচারের দাবিতে তারা আজ এ কর্মসূচি পালন করবে। এ ছাড়া কওমি মাদ্রাসাকেন্দ্রিক এই সাতটি দলের বিবৃতিতে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিষয়েও প্রতিক্রিয়া জানানো হয়। বিবৃতিতে দাবি করা হয়, ‘শাহবাগের আন্দোলন এই রায়ের ওপর প্রভাব বিস্তার করেছে। সাঈদী ন্যায়বিচার পাননি।’বিবৃতি সই করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির শাহ আহমদুল্লাহ আশরাফ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, খেলাফত মজলিসের আমির মুহাম্মদ ইসহাক, মহাসচিব আহমদ আবদুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি আবদুল মোমিন, মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, নেজামে ইসলাম পার্টির সভাপতি আবদুর রকিব, খেলাফতে ইসলামীর আমির আবুল হাসানাত আমিনী এবং উলামা কমিটির চেয়ারম্যান শামসুল আলম, মহাসচিব মুফতি মুহাম্মদ তৈয়্যেব প্রমুখ।এ ছাড়া শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের গড়া দল বাংলাদেশ খেলাফত মজলিস পৃথকভাবে আজ ‘দোয়া দিবস’ পালন করার ঘোষণা দিয়েছে। তবে দলটি সাঈদীর রায়ের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। জানতে চাইলে দলের মহাসচিব হুমায়ুন কবির বলেন, ‘আমরা এ বিষয়ে এখনো কিছু বলছি না। একটু অপেক্ষা করছি।’এর বাইরে নয়টি দল ও ১১টি কওমি মাদ্রাসার আলেমদের নিয়ে গঠিত ‘ইমান ও দেশ রক্ষা আন্দোলন’ নামে নতুন জোটটি ৮ মার্চ শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে।