যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে একটি মহলের প্ররোচনায় জামায়াত-শিবির দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। সব যুদ্ধাপরাধীর বিচার দ্রুত সম্পন্ন করে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক গোষ্ঠীসহ জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ করতে হবে। ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করার এখনই উপযুক্ত সময়।দলের ৪০ বছর পূর্তি উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মৌলভীবাজার জেলা কমিটি আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের এম সাইফুর রহমান মিলনায়তন থেকে এ উপলক্ষে জাতীয় পতাকাশোভিত শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মৌলভীবাজার শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে আবার সাইফুর রহমান মিলনায়তনে ফিরে আসে। পরে জেলা জাসদের সভাপতি আবদুল হকের সভাপতিত্বে ও নাজিম উদ্দিন নজরুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় জাসদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ খালেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবজোটের সভাপতি রোকনুজ্জামান, জেলা জাসদের যুগ্ম সম্পাদক ময়নুল ইসলাম, নারী জোটের সভানেত্রী নেহার বেগম, জেলা যুবজোটের সভাপতি হাছান আহমদ প্রমুখ।