ধর্মমন্ত্রীকে 'রাজাকার' বলায় যুবলীগ নেতার স্ত্রীর নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ‘রাজাকার’ এবং তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সঙ্গে জড়িত বলে মন্তব্য করায় দিলরুবা আক্তার নামের এক নারীর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। দিলরুবা ময়মনসিংহ যুবলীগের নিহত নেতা সাজ্জাদ আলম শেখ আজাদের স্ত্রী। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতে মামলাটি করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ময়মনসিংহ জেলার যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ওরফে শাহীন।

মামলাটি আমলে নিয়ে বিচারক রোজিনা খান বিকেলে দিলরুবা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গত ৩১ জুলাই যুবলীগের দুই পক্ষের বিরোধের জের ধরে দুর্বৃত্তরা সাজ্জাদ আলমকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। হত্যাকাণ্ডের প্রতিবাদে সম্প্রতি এক বিক্ষোভ সমাবেশে দিলরুবা ধর্মমন্ত্রী সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। ২৮ আগস্ট ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড়ে অনুষ্ঠিত ওই সমাবেশে দিলরুবা ধর্মমন্ত্রীকে ‘রাজাকার’ এবং তিনি বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত বলে মন্তব্য করেন। তাঁর ওই মন্তব্য আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।

ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতের বেঞ্চ সহকারী আনোয়ার হোসাইন জানান, মোস্তাফিজুর রহমান বাদী হয়ে দিলরুবাসহ মোট নয়জনের নামে মামলার আবেদন করেন। পরে বিচারক রোজিনা খান আটজনকে বাদ দিয়ে শুধু দিলরুবাকে আসামি করে মামলাটি আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলায় বাদীপক্ষের আইনজীবী আবদুর রহমান আল হোসেইন তাজ সাংবাদিকদের বলেন, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান একজন মুক্তিযোদ্ধা। তাঁর বিরুদ্ধে এ ধরনের আপত্তিকর বক্তব্য দেওয়ার অপরাধে মানহানির মামলা করা হয়। মামলায় দিলরুবা আক্তারের আপত্তিকর বক্তব্যের একটি ভিডিও ফুটেজও আদালতে সরবরাহ করা হয়। বিচারক রোজিনা খান ভিডিওটি দেখে দিলরুবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা আদালতের গ্রেপ্তারি পরোয়ানা এখনো পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।’