ধর্মযাজককে গুলির ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে ইতালির নাগরিক ও স্থানীয় একটি গির্জার ফাদার পিয়েরো পিচমকে (৫২) গুলি করার ঘটনা বেশ গুরুত্বসহকারে স্থান পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, গার্ডিয়ান, মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস, ভারতীয় সংবাদপত্র টাইমস অব ইন্ডিয়াসহ গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমগুলো এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করে। এ ছাড়া ইতালির সংবাদপত্রেও খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়।
পিয়েরোকে গুলির ঘটনা বিদেশিদের ওপর ধারাবাহিক হামলার অংশ হিসেবে উল্লেখ করা হয় বিবিসির প্রতিবেদনে। গত সেপ্টেম্বর মাসে ইতালীয় উন্নয়নকর্মী সিজার তাবেলা এবং অক্টোবর মাসে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যার ঘটনা উল্লেখ করা হয়। ঘটনার বর্ণনা দিয়ে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বিদেশিদের ওপর হামলার ঘটনা ঘটে না বললেই চলে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ইসলামি চরমপন্থীদের হামলা বেড়ে গেছে বলে উল্লেখ করা হয়।
তাবেলা ও কুনিও হত্যার ঘটনার উল্লেখ ছিল ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের প্রতিবেদনেও। ওই দুই ঘটনার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিবৃতি দেওয়ার কথাও উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, সরকার জঙ্গিদের এ দাবি অগ্রাহ্য করেছে। সরকারের দাবিকে উদ্ধৃত করে বলা হয়, বাংলাদেশে আইএসের কোনো উপস্থিতি নেই। সরকার বিরোধী দলগুলোকে এ হত্যায় দায়ী করে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
‘অ্যাসাইলেন্টস ইন বাংলাদেশ অ্যাটাক ক্যাথলিক মিশনারি’ শিরোনামে মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমসে প্রকাশিত হয় এ সংক্রান্ত প্রতিবেদন। সেখানে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের সুপ্রিম কোর্ট গতকাল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। বিশ্লেষকদের উদ্ধৃত করে বলা হয়, এই বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্যই বিদেশিদের ওপর এই হামলা।
ইতালির ইংরেজি ভাষায় প্রকাশিত অনলাইন দ্য লোকাল ডট আইটি পিয়েরোকে গুলি করার ঘটনাকে গুরুত্বের সঙ্গে প্রকাশ করে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন প্রকাশ করে এই অনলাইনটি। সেখানে বলা হয়, ঘাতকের হামলায় দুই বিদেশি হত্যার কয়েক সপ্তাহের মধ্যেই গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারও দায় না স্বীকার করা এবং কাউকে আটক না করতে পারার বিষয়টিও উল্লেখ করা হয় প্রতিবেদনে।