
কুমিল্লা নগরের দর্শনীয় স্থান ধর্মসাগরপাড়ের পশ্চিম দিকে পর্যটক ও ভ্রমণপিপাসুদের বসার জায়গা দখল করে চটপটি, ফুচকা, কফি, পান-সিগারেটের দোকান বসানো হয়েছে। এতে করে মানুষকে পথ চলতে বেগ পেতে হচ্ছে। অভিযোগ রয়েছে, ধর্মসাগরপাড়ে ঘুরতে আসা নারীদের ওই সব দোকানে বসে বখাটেরা উত্ত্যক্ত করছে।
খোঁজ নিয়ে ও গত শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, এক মাস আগেও সাগরপাড় ছিল সুন্দর ও পরিপাটি। কোথাও কোনো জটলা ছিল না। কিন্তু সেই দৃশ্য বদলে গেছে। বসার জায়গাগুলো বেষ্টিত করে নানা ধরনের পণ্যের পসরা সাজানো হয়েছে। ‘অবকাশ’ বসার স্থানে পথশিশুদের প্রতিদিন বিকেলে পড়ানো হয়। ওই স্থানের সামনে রেইনবো আইসক্রিম, রেইনবো চটপটির দোকান বসানো হয়েছে। এতে পাঠদান ব্যাহত হচ্ছে। পাশেই বিসমিল্লাহ চটপটি দোকান, মায়ের দোয়া চটপটি দোকান, পার্ক ক্যাফে, শহিদ চটপটি, তামিম চটপটি, বিসমিল্লাহ কাবাব হাউস, টি পার্ক, পানের দোকান, সাইফুলের তৃপ্তি চটপটি, ইমনের চটপটির দোকান রয়েছে। সাগরপাড়ের প্রায় এক কিলোমিটার এলাকার মধ্যে অন্তত ১৫টি স্থাপনা বসানো হয়েছে। এগুলোর কারণে ওই পাড় দিয়ে হাঁটাই দায় হয়ে পড়েছে। তবে দোকানদারদের কারা এখানে বসিয়েছেন, তা কেউ বলতে রাজি হননি। অভিযোগ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলেন ছত্রচ্ছায়ায় এখানে দোকান বসানো হয়েছে। এ জন্য মাসোহারা নিচ্ছেন কেউ কেউ।
বিসমিল্লাহ চটপটি দোকানের কর্মচারী মাহবুব হোসেন বলেন, ‘ভাড়া দিব কারে? সরকারি জায়গা, তাই আমরা ব্যবহার করছি।’ মায়ের দোয়া দোকানের মালিক মো. হানিফ বলেন, ‘আমরা আগেও এখানে বসতাম। তখন চেয়ার ছিল না। এখন ঘুরতে আসা মানুষের বসার জন্য প্লাস্টিকের চেয়ারও আনা হয়েছে।’
সাগরপাড়ে নিয়মিত হাঁটেন নগরের এমন অন্তত ২০ জন জ্যেষ্ঠ নাগরিক বললেন, ‘মেয়র এগুলো দেখে না কেন? আমরা কোথায় হাঁটব, বসব? অবিলম্বে এসব স্থাপনা সরাতে হবে। এত সুন্দর পরিবেশ কোনো অবস্থাতেই নষ্ট হতে দেওয়া যাবে না।’
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক (সাক্কু) বলেন, ‘সিটি করপোরেশন কাউকে সেখানে বসার জায়গা দেয়নি। আমরা কিছুদিনের মধ্যে সেখানে উচ্ছেদ অভিযান করব। সেখানে কোনো ধরনের স্থাপনা থাকতে পারবে না।’