ধর্মান্ধ গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মের দোহাই দিয়ে যে গোষ্ঠীটি নারী নেতৃত্বের এবং বিজ্ঞান ও যুক্তিসংগত সমাজ গঠনের বিপক্ষে অবস্থান নিয়েছে, সেই গোষ্ঠীর বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে বিক্ষুব্ধ নারী সমাজ।
গতকাল শনিবার জাতীয় জাদুঘরের সামনে ‘আগুনকণ্ঠীদের গল্প শোনো’ নামে একটি সমাবেশে এই আহ্বান জানায় সংগঠনটি। ‘যুক্তি নারী মুক্তির সুর হোক, ধর্মান্ধতা-সহিংসতা দূর হোক’—এই ছিল সংগঠনটির স্লোগান।
আয়োজক সংগঠন বিক্ষুব্ধ নারী সমাজ বলেছে, রাজনৈতিক অস্থিরতা ও তার সঙ্গে ধর্মান্ধ মৌলবাদের সরব অবস্থান নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নতির অন্তরায়। নারীর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে নারী নির্যাতনের শিকার হচ্ছে। সিডও এবং বাহাত্তরের সংবিধানের সঙ্গে মিল রেখে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার নারীর সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক খাতে ভারসাম্যপূর্ণ একটি নারী নীতি ঘোষণা করে। কিন্তু ধর্মান্ধ গোষ্ঠী এর বিরুদ্ধে পথে নামে এবং সরকারকে নারী নীতি বাস্তবায়নে বাধা দেয়।
সংগঠনটি বলছে, গণমাধ্যমের কর্মীদের ইতিবাচক ভূমিকার কারণে নারী নির্যাতনের খবর জানা যাচ্ছে। কিন্তু দেশ যখন ধর্মান্ধতার কবলে চলে যেতে থাকে, তখন ক্ষমতাবানেরা ভোল পাল্টে ফেলে সমঝোতা করে। নারী ও বিপন্ন বঞ্চিত মানুষ অসহায়ভাবে মার খায়। বিক্ষুব্ধ নারী সমাজ যারা অভিজিতের মতো মুক্তচিন্তার ধারক-বাহকদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
অনুষ্ঠানে বিক্ষুব্ধ নারী সমাজের সংগঠক খুশী কবির বলেন, নারী ঘরে-বাইরে নিরাপত্তাহীন। হরতাল-অবরোধের কারণে নারী নিহত হচ্ছে। একই সঙ্গে স্বজন হারিয়ে পরিবারের পুরো দায়িত্ব নিতে বাধ্য হচ্ছে। ধর্মান্ধতা কীভাবে সহিংসতার পথকে প্রশস্ত করছে, সে ব্যাখ্যাও দেন তিনি। তিনি বলেন, অভিজিৎকে শুধু মুক্তচিন্তার চর্চা করার জন্য হত্যা করা হয়েছে।
অনুষ্ঠানে রোকেয়া সাখাওয়াত হোসেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, সুফিয়া কামাল অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদের লেখা পড়ে শোনানো হয়। সংগ্রামী জীবনের গল্প শোনান অগ্রণী ব্যাংকের দৃষ্টিপ্রতিবন্ধী কর্মকর্তা ফারজানা আক্তার ও উদ্যোক্তা ফাতেমা আক্তারের মেয়ে রুহী।
নারীর স্বাধীনভাবে চলাফেরা ও মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে যায় এমন সব রাজনৈতিক কার্যকলাপ, দল ও গোষ্ঠী নিষিদ্ধ করাসহ আট দফা দাবি উত্থাপন করেছে বিক্ষুব্ধ নারী সমাজ।