ধর্মান্ধদের হাত থেকে ছাত্রসমাজকে রক্ষা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদী তৎপরতার বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। বরিশালের ব্রজমোহন কলেজে সমাবেশে বক্তারা বলেন, ধর্মান্ধ গোষ্ঠীর হাত থেকে ছাত্রসমাজকে রক্ষা করতে হবে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: বেলা ১১টার দিকে ব্রজমোহন কলেজে ছাত্রমৈত্রীর উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন হয়। সেখানে বক্তব্য দেন ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শামিল শাহরোখ, কলেজ শাখা ছাত্রমৈত্রীর সভাপতি ইমরান নূর, সাধারণ সম্পাদক জয় চক্রবর্তী প্রমুখ। পরে কলেজ ক্যাম্পাসে জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ মিছিল করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে নগরের অশ্বিনী কুমার হলের সামনে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বরিশালের (আইডিইবি) পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন আইডিইবি বরিশালের সভাপতি এ কে এম হামিদ, সাধারণ সম্পাদক শামসুর রহমান প্রমুখ।
ব্রজমোহন কলেজের কর্মসূচিতে বক্তারা বলেন, ধর্মের নামে আধুনিক শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীদের মগজধোলাই করে জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত করা হচ্ছে। ধর্মান্ধ গোষ্ঠীর হাত থেকে ছাত্রসমাজকে রক্ষা করতে হবে।
সাতক্ষীরা: আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের জেলা শাখার আয়োজনে বেলা ১১টার দিকে শহরের নিউমার্কেট চত্বরে মানববন্ধন করা হয়। এতে সংগঠনটির জেলা সভাপতি আবদুল মান্নান সভাপতিত্ব করেন। কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহসভাপতি ফজলুর রহমান প্রমুখ। এর আগে শহীদ রাজ্জাক পার্ক থেকে শোভাযাত্রা বের করা হয়। বক্তারা বলেন, জিহাদের ভুল ব্যাখ্যা দিয়ে কিছু তরুণকে সশস্ত্র বিদ্রোহে উসকে দেওয়া হচ্ছে। কিন্তু ইসলাম শান্তির ধর্ম। মানুষ হত্যা করা কোনো মুসলিমের কাজ হতে পারে না।
পিরোজপুর: ‘আসুন সবাই মিলে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ি’ স্লোগান সামনে রেখে সকালে শহরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। বঙ্গবন্ধু চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে শহীদ ভাগীরথী চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য দেন পুলিশ সুপার ওয়ালিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফ, মুক্তিযোদ্ধা এম এ মান্নান প্রমুখ। ওয়ালিদ হোসেন বলেন, সবার সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে জঙ্গি নির্মূল করা সম্ভব নয়।
গলাচিপা (পটুয়াখালী): গলাচিপা উপজেলার ৮৩টি স্থানে সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা গণপ্রতিরোধ কমিটির আহ্বানে এ কর্মসূচি পালিত হয়।
গলাচিপা পৌরসভার গলাচিপা সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সামনে থেকে শুরু করে উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত মানববন্ধন করা হয়। পটুয়াখালী-৩ আসনের সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইন প্রধান অতিথি হিসেবে মানববন্ধনের বিভিন্ন পয়েন্টে বক্তব্য দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল বাকী বলেন, মোট ৮৩টি স্থানে মানববন্ধনে ৫০ হাজারের বেশি মানুষ অংশ নেন।
বাউফল (পটুয়াখালী): উপজেলার ৬১টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি কলেজ ও ৬৮টি মাদ্রাসার প্রধানদের সঙ্গে সকাল ১০টার দিকে মতবিনিময় সভা হয়। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান।
রাজবাড়ী ও গোয়ালন্দ: দুপুরে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। সভায় উপজেলা চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সাংসদ জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা সাংসদ কামরুন নাহার চৌধুরী প্রমুখ। পরে মন্ত্রী দৌলতদিয়া ফেরিঘাট ও সদর উপজেলার চন্দনী ইউনিয়নে জৌকুরা ফেরিঘাট পরিদর্শন করেন।