ধর্মীয় ব্যক্তিত্বের নামে নামকরণ নিরাপদ: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে বক্তব্য দিচ্ছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। ছবি: প্রথম আলো
কিশোরগঞ্জে বক্তব্য দিচ্ছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। ছবি: প্রথম আলো

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বর্তমানে শ্রদ্ধাভাজন ধর্মীয় ব্যক্তিত্বদের নামে নামকরণের নতুন সংস্কৃতি চালু হয়েছে। এর ধারাবাহিকতায় বিএনপি আমলে চট্টগ্রাম এম এ হান্নান বিমানবন্দর শাহ আমানতের নামে এবং আওয়ামী লীগ আমলে ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম শাহজালালের নামে নামকরণ হয়েছে। কারণ উভয় দল এ ধরনের ধর্মীয় ব্যক্তিত্বের নামে নামকরণ নিরাপদ মনে করেছে।
আজ সোমবার কিশোরগঞ্জ প্রেসক্লাবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।
আশরাফ বলেন, দেশে বর্তমানে নামকরণ নিয়ে অশুভ বাণিজ্য চলছে। প্রতিটি সরকারের আমলে আগের আমলের নামবদল করে নতুন নামকরণের প্রতিযোগিতা চলছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, যোগ্যতা নেই এবং দেশমাতৃকার জন্য কোনো অবদান নেই এমন লোকের নামেও নামকরণ হচ্ছে। এমনকি কোনো ব্যক্তি জীবিত থাকতেই তাঁর নামেও নামকরণ হচ্ছে। অথচ বিদেশে কোনো ব্যক্তির মৃত্যুর পর তাঁর নামে নামকরণ হয়। বহু বছর ধরে এই নাম টিকে থাকে এবং ক্ষমতাসীন কোনো দলই এই নাম পরিবর্তন করে না।
সৈয়দ আশরাফ উদাহরণ দিয়ে বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকালে দেখা যাবে ভারত স্বাধীন হওয়ার ৬৬ বছরে কোনো নামকরণ পরিবর্তন হয়নি। তিনি বলেন, ‘আমি নামকরণ ও নাম বদলের এই সংস্কৃতিতে বিশ্বাস করি না, এর পরিবর্তন হওয়া প্রয়োজন।’

কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে নাছিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ, জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহিদুল ইসলাম, সাংবাদিক কাজী শাহীন খান প্রমুখ।

পরে আশরাফ কিশোরগঞ্জ জেলা পরিষদ আয়োজিত জেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে অনুদান এবং দুস্থদের মধ্যে ৫০ লাখ টাকার কম্পিউটার, সেলাই মেশিন, রিকশাসহ বিভিন্ন পণ্য বিতরণ করেন। জেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান। এ সময় মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে শিক্ষার্থীদের মেধাবী ও দক্ষ করে তুলতে হবে। তা না হলে জাতি হিসেবে পেছনে পড়ে থাকতে হবে। আজ থেকে ১৫-২০ বছর আগে কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট সম্পর্কে আমাদের জানা ছিল না। এখন এসবের ওপর নির্ভর করে বিশ্বে বড় বড় শিল্প-কারখানা গড়ে উঠছে। আমাদের দেশে মাধ্যমিক পর্যায়ে লেখাপড়ায় এসব নেই বলে প্রকৃত দক্ষ শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব হচ্ছে না। তাই প্রযুক্তি-জ্ঞানসমৃদ্ধ শিক্ষার্থী গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর।’ তিনি বলেন, ‘আজ যাঁরা কম্পিউটার পেলেন, তাঁরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করে দেশ ও সমাজের জন্য কাজ করবেন বলে আশা করি।’

সভায় জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।