ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংসদে ৬০টি আসন রাখার দাবি
ধর্মীয় সংখ্যালঘুদের জন্য জাতীয় সংসদে ৬০টি আসন সংরক্ষণ করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল শুক্রবার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে সংগঠনের নেতারা এ দাবি জানান। এ সময় সংসদে সংরক্ষিত আসন রাখার পাশাপাশি দুর্গাপূজায় তিন দিন সরকারি ছুটির দাবিও জানানো হয়। ওই সংগঠনের নেতা-কর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট শাখার উদ্যোগে গতকাল সকালে ওই মানববন্ধন হয়। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একই স্থানে সমাবেশ করা হয়। সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়ের সভাপতিত্বে সমাবেশে হিন্দু মহাজোট নেতা নিতীশ সূত্রধর, মাইনরিটি ওয়াচের কর্মী অতীন্দ্র দেব, হিউম্যান রাইটস কংগ্রেসের সংগঠক মনীন্দ্ররঞ্জন দে, মানবাধিকারকর্মী নৃপেন্দ্র সিংহ, যুবনেতা রনি পাল, ছাত্রনেতা সৌরভ দাস ও চিকিৎসক রবীন্দ্র পাত্র বক্তব্য দেন। সমাবেশে বক্তারা বলেন, সংবিধানে সব ধর্মের মানুষের সমান সুযোগ-সুবিধার বিধান থাকার পরও দেশে ধর্মীয় সংখ্যালঘুরা বঞ্চিত হচ্ছেন। এ কারণে তাঁরা ক্ষমতায়ন ও গণতন্ত্র বিকাশের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৬০টি আসন সংরক্ষণের জন্য সরকারের প্রতি দাবি জানান।