জামায়াতে ইসলামী বলেছে, কারও ধর্মীয় অধিকারের ওপর হস্তক্ষেপকে তারা ঘৃণা করে। জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গতকাল শনিবার এক বিবৃতিতে এ আহ্বান জানান।বিবৃতিতে মকবুল বলেন, ‘সরকারের গণবিরোধী কর্মকাণ্ডে জনমনে সৃষ্ট পুঞ্জীভূত ক্ষোভ ভিন্ন দিকে প্রবাহিত করার উদ্দেশ্যে তারা সুকৌশলে মন্দির, গির্জা, প্যাগোডা ও অমুসলিমদের ধর্মীয় উপাসনালয়ে হামলা চালানোর দায়িত্ব জামায়াত-শিবিরের ওপর চাপিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে।’বিবৃতিতে দাবি করা হয়, ‘কারও ধর্মীয় অধিকারের ওপর হস্তক্ষেপকে জামায়াত ঘৃণা করে। মন্দির, গির্জা, প্যাগোডা অথবা অন্য কোনো উপাসনালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই।’প্রকাশিত সংবাদের প্রতিবাদ: পৃথক বিবৃতিতে প্রথম আলোসহ কয়েকটি গণমাধ্যমে জামায়াত-শিবিরকে জড়িয়ে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদ।প্রথম আলোয় প্রকাশিত ‘মন্দিরে হামলা, আগুন, প্রতিমা ভাঙচুর’ শীর্ষক খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করা হয়।