আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বিবাহ, বিবাহবিচ্ছেদ, সম্পত্তিতে উত্তরাধিকারের মতো বিষয়গুলো ধর্মীয় আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, সে ধরনের কোনো আইন সরকার করবে না। ধর্মীয় দিক বিবেচনা করেই হিন্দু বিয়ে নিবন্ধনকে সরকার ঐচ্ছিক রাখতে বাধ্য হয়েছে।গতকাল সোমবার বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।জাতীয় প্রেসক্লাবে ‘আইনের মাধ্যমে বৈবাহিক সম্পর্কে নারীর অর্থনৈতিক অধিকার নিশ্চিতকরণ’ শীর্ষক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, নারী বাড়িতে যেসব কাজ করছেন, তার আর্থিক মূল্য দেওয়া হয় না বা কখনো মূল্যায়নও করা হয় না। অর্থনৈতিক অধিকার আদায়ে নারী শিক্ষার হার বাড়ানোর বিকল্প নেই বলেও মন্ত্রী উল্লেখ করেন।অনুষ্ঠানের শুরুতে ব্লাস্টের অবৈতনিক পরিচালক সারা হোসেন বলেন, ১৪ ও ১৫ সেপ্টেম্বর সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে দুই দিনব্যাপী জাতীয় সম্মেলনে আইনের মাধ্যমে বৈবাহিক সম্পর্কে নারীর অধিকার নিশ্চিতকরণ বিষয়টির ওপর একটি ঘোষণাপত্র তৈরি করা হয়। ঘোষণাপত্রটি মন্ত্রীর সামনে উপস্থাপনের জন্যই গতকালের অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্লাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য শামসুল বারী।আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, জাতীয় আইনগত সহায়তা সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর আলোচনায় অংশ নেন। তত্ত্বাবধায়ক নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য: অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন ত্রয়োদশ সংশোধনী বাতিল হওয়ায় সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান ছিল, তা বাতিল হওয়ার বিষয়টি সুস্পষ্ট হয়েছে।