ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ্য করা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার কাউকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বক্তব্য দেওয়া মেনে নেবে না। জন্মাষ্টমী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে হিন্দু সম্প্রদায়ের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, জনগণ যার যার ধর্ম পালন করবে। কেউ যদি তার ধর্ম পালন করতে না চায়, সেটা তার ব্যাপার। কিন্তু অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অধিকার তার নেই। ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বক্তব্য দেওয়া সহ্য করা হবে না এবং এর থেকে সবাইকে বিরত থাকতে হবে। প্রধানমন্ত্রী নিজেদের সংখ্যালঘু মনে করে খাটো না ভাবার জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি রমেশ ঘোষ, মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জে এল ভৌমিক এবং জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি দেবাশীষ পালিতও বক্তৃতা করেন। মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী দুর্বেশানন্দ এবং চট্টগ্রামের স্বামী সুধর্ষানন্দ।
বাংলাদেশ জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতারা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করেন।