ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কিছু করা উচিত নয়: খালেদা জিয়া
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এমন কিছু করা উচিত নয়, যা জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের সফররত ‘নিয়ার ইস্ট সাউথ এশিয়া (এনইএসএ)’ গবেষণাকেন্দ্রের পরিচালক জেমস ল্যারোক্কোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় খালেদা জিয়া এ কথা বলেন। খবর ইউএনবি ও বাসসর।গতকাল সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অনুুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎ প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। তাঁরা দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তাঁর উপদেষ্টা ওসমান ফারুক, রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন। অপরদিকে জেমস ল্যারোক্কোর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, এনইএসএর অধ্যাপক রবার্ট বোগগা, সহযোগী অধ্যাপক জন জ্যাক গিল ও এনইএসএর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জেকেরি মিয়ের।বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুক সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া প্রতিনিধিদলকে বলেছেন, ‘নারী উন্নয়নে বাংলাদেশ বেশ এগিয়েছে। ভবিষ্যতে নারীরা আরও এগিয়ে যাবে। কিন্তু এ বিষয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো কাজ করা উচিত হবে না।’ওসমান ফারুক আরও বলেন, বৈঠকে আঞ্চলিক সন্ত্রাসবাদ দমন এবং নারী উন্নয়নসহ দ্বিপক্ষীয় বিষয়াদি নিয়ে আলোচনা হয়। এ সময় সন্ত্রাস দমনের ক্ষেত্রে বিগত বিএনপি সরকারের আমলে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। প্রতিনিধিদলের নেতা বৈঠকে আশা প্রকাশ করেন, সন্ত্রাস দমনে এই ভূমিকা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।উল্লেখ্য, মার্কিন সরকারের প্রতিষ্ঠান এনইএসএ এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্কোন্নয়ন ও সমঝোতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।