ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, কুষ্টিয়ায় উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র কোরআনের অবমাননা, ইসলামবিরোধী প্রচারণা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করাকে কেন্দ্র করে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ইসলামপুর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। কোরআন শরিফের অবমাননার প্রতিবাদে গতকাল রোববার দুপুরে কয়েক হাজার লোক ভেড়ামারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন।সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ইসলামপুর গ্রামে ইমামিয়া চিশতিয়া নেজামিয়া দরবার শরিফ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। স্থানীয় শহিদুল ইসলাম তাঁর অনুসারী কয়েকজন ব্যক্তিকে নিয়ে বেশ কয়েক বছর ধরে এই দরবার শরিফ চালাচ্ছেন।এলাকাবাসীর অভিযোগ, এখানে ইসলামি শরিয়াহ পরিপন্থী কাজ হয়, গাঁজা সেবনসহ নানা অনৈতিক কার্মকাণ্ড চলে; এমনকি পবিত্র কোরআনের অপব্যাখ্যা করা হয়। এর প্রতিবাদে গত ১৭ সেপ্টেম্বর স্থানীয় জনগণ দরবার শরিফে ভাঙচুর চালান ও অগ্নিসংযোগ করেন। ইসলামপুর গ্রামের জামে মসজিদের ইমাম ইয়ানুর ইসলাম বলেন, তরিকতে আহলে বয়াত বাংলাদেশ নামের একটি সংগঠনের ব্যানারে ইসলামপুর গ্রামের ইমামিয়া চিশতিয়া নেজামিয়া দরবার শরিফের মুরিদ, ভক্ত ও অনুসারীরা দীর্ঘদিন ধরে ইসলামবিরোধী প্রচারণা ও অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। নিষেধ করার পরও তাঁরা ধর্মপ্রাণ মুসল্লিদের কটাক্ষ করে হুমকি দেন। এলাকার মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে দরবার শরিফ ভেঙে দেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন।অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও মোহাম্মদ রাজিবুল ইসলাম সরেজমিনে পরিদর্শন শেষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ১৬ অক্টোবর জেলা প্রশাসনে একটি প্রতিবেদন জমা দেন। ইউএনও মোহাম্মদ রাজিবুল ইসলাম বলেন, শহিদুল ইসলাম একজন ভণ্ড পীর। তিনি ইসলামবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। ফলে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার সি এ হালিম বলেন, ইসলামবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। পরে জামিনে তিনি ছাড়া পান। এলাকায় উত্তেজনা নিরসনে পুলিশ সতর্ক রয়েছে। জানতে চাইলে শহিদুল ইসলাম বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, দরবার শরিফে সব কর্মকাণ্ড হয় কেন্দ্রীয় নির্দেশে।