ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হবিগঞ্জে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে হবিগঞ্জে রজত রায় (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নবীগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের একটি বাড়ি থেকে গত রোববার বিকেলে গ্রেপ্তার করা হয় তাঁকে। হবিগঞ্জ আমলি আদালতে গতকাল সোমবার তাঁকে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার রজত নবীগঞ্জের মধ্যসমেত গ্রামের রণ রায়ের ছেলে। উপজেলার ইনাতগঞ্জ বাজারে তাঁদের একটি মুদিদোকান রয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম আতাউর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় মামলা হয়েছে। তবে গ্রেপ্তার রজত রায় পুলিশের কাছে দাবি করেছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
ওসি এম এম আতাউর রহমান বলেন, হবিগঞ্জের বিচারিক হাকিম মো. কাউছার আলমের আদালতে গতকাল দুপুরে রজতকে হাজির করা হয়। বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ৮ মার্চ।
এদিকে একদল উত্তেজিত লোক মিছিল নিয়ে গতকাল মধ্যসমেত গ্রাম যায়। তারা গ্রামের অভিজিৎ রায়, সঞ্জয় রায়, সুভাষ রায় ও গোবিন্দ রায়ের বাড়িঘরে হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় জে কে হাইস্কুল মাঠে বেলা দুইটার দিকে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম, হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, বিজিবির কর্নেল সাজ্জাদুর রহমান, স্থানীয় সরকার বিভাগের পরিচালক (উপসচিব পদমর্যাদার) সফিউল আলম, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজিনা সারোয়ার ও সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার নাথ। সভায় তাঁরা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, রজতকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন এলাকাবাসীর উচিত হবে, কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে নজর রাখা।