ধর্মীয় অনুশাসন মেনে চললে এবং নিজ নিজ অবস্থান থেকে নৈতিকতার উন্নয়ন ঘটাতে পারলে বাংলাদেশে এইচআইভি-এইডস মহামারি আকার ধারণ করতে পারবে না। এইডস প্রতিরোধে ‘সবার জন্য সুযোগ ও মানবাধিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। গতকাল সোমবার বরিশাল নগরের সেলিব্রেশন পয়েন্টে ওই গোলটেবিল বৈঠক হয়।গ্লোবাল ফান্ডের অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইউএসএ এবং বাংলাদেশ ওমেনস হেলথ কোয়ালিশনের সহযোগিতায় বরিশাল সিভিল সার্জন কার্যালয় ও উন্নয়ন সংগঠন ‘আভাস’-এর আয়োজনে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে সভাপতি ছিলেন সিভিল সার্জন অনিল চন্দ্র দত্ত। বক্তব্য দেন বরিশাল-১ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস, পুলিশের উপকমিশনার দক্ষিণ মো. আসলাম খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ নেওয়াজ, ডা. আজিজ রহিম, সহকারী কমিশনার নাহিদ ফারজানা সিদ্দিক প্রমুখ।সেভ দ্য চিলড্রেন ইউএসএ থেকে প্রতিনিধিত্ব করেন ডা. লিমা রহমান। বৈঠকে এইচআইভি-এইডসের ওপর সামগ্রিক চিত্র তুলে ধরেন ড. রওনক ফৈজি খান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডা. মৌসুমী আমীন। স্বাগত বক্তব্য দেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা।