ধর্মীয় অবমাননাকর বক্তব্য প্রচার বন্ধ না করলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী
ব্লগে লেখা ধর্মীয় অবমাননাকর বক্তব্য প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, এর অন্যথা হলে সরকার ব্যবস্থা নিতে বাধ্য হবে।গতকাল বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রী এ কথা বলেন। ব্লগ ও ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে প্রকাশিত কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার ও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিভ্রান্তি ছড়ানোর ক্ষেত্রে কিছুসংখ্যক মুদ্রিত ও ইলেকট্রনিক গণমাধ্যম প্রতিষ্ঠানের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদপত্রসহ কয়েকটি গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতি ইঙ্গিত করে তথ্যমন্ত্রী বলেন, ‘মহানবী (সা.)-কে নিয়ে ব্লগের ক্ষুদ্র পরিসরে প্রকাশিত কুরুচিপূর্ণ বক্তব্য গণমাধ্যমে বারবার প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি ও উসকানি দেওয়া শুধু সাংবাদিকতার নীতি-নৈতিকতার পরিপন্থী নয়, আইনের দৃষ্টিতেও অপরাধ।’ হাসানুল হক ইনু বলেন, ‘একান্ত ব্যক্তিগত বা গোষ্ঠীগত যেকোনো পর্যায়েই মহানবীকে (সা.)-কে নিয়ে কোনো কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া অত্যন্ত গর্হিত কাজ। সরকার মনে করে, কমিউনিটি ব্লগ, সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যক্তিগত বা ক্ষুদ্র গোষ্ঠীগত পর্যায়ে মহানবী (সা.)-কে নিয়ে প্রকাশিত কুরুচিকর বক্তব্য গণমাধ্যমের মধ্য দিয়ে বৃহত্তর সমাজ বা জনগোষ্ঠীর মাঝে প্রকাশ, প্রচার ও পুনঃপ্রচার করা তাঁর প্রতি আরও বেশি অবমাননাকর।’সংবাদ সম্মেলনে আমার দেশ পত্রিকায় প্রকাশিত এ-সংক্রান্ত একটি বিজ্ঞাপন দেখিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘এটা বিজ্ঞাপন নীতিমালার পরিপন্থী।’দুর্বৃত্তদের হাতে নিহত ব্লগার আহমেদ রাজীব হায়দারকে নিয়ে কিছু প্রতিবেদনের প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘তিনি (রাজীব) আস্তিক, না নাস্তিক তা যাচাই না করে বারবার এ ধরনের সংবাদ প্রচার করা আইনত দণ্ডনীয়, যা যুদ্ধাপরাধের বিচারের দাবিতে চলমান আন্দোলনকে পাশ কাটানোর শামিল। আমরা গণমাধ্যমের বিকাশ চাই। সরকার গণমাধ্যমের প্রতি সংবেদনশীল।’