ধর্মীয় আনুষ্ঠানিকতা, শ্রদ্ধা ও সমারোহে কঠিন চীবর দান
রাঙামাটির রাজবন বিহারের ‘বেইন ঘর’। এই ঘরে জুম চাষের তুলা দিয়ে চরকায় সুতা কাটলেন ২২ জন আদিবাসী নারী। পাশে রাখা বড় গামলায় রং মেশানো পানিতে সুতাগুলো ভিজিয়ে রাখার কাজ করছেন কেউ কেউ। এরপর ভেজা সুতা তুলে আগুনের তাপে রং পাকা করছেন আরেক দল নারী।এবার এই শুকনো সুতা পাঠানো হচ্ছে ওই বেইন ঘরে। সেখানে দাঁড়িয়ে থাকা ১২০টি বেইনে ওই সুতা দিয়ে তৈরি হচ্ছে কাপড়। কোনো সাধারণ কাপড় নয়, বৌদ্ধধর্মে বিশ্বাসীদের পবিত্র চীবর। যে কাপড় তৈরির পেছনে থাকে সারা বছরের আয়োজন। তুলার বীজ বোনা, তুলা সংগ্রহ, পাহাড়ি নানা ধরনের গাছ-গাছড়ার ফল-বাকল থেকে রং তৈরি এবং আরও অনেক কাজ এই আয়োজনের অংশ। শেষ কাজটি হলো, ২৪ ঘণ্টায় ত্রি-চীবর (বৌদ্ধ ভিক্ষুদের চার খণ্ডের পরিধেয়) তৈরি করা।বেইন। হাতে কাপড় বোনার জন্য বাঁশ দিয়ে তৈরি ফ্রেমের নাম। একটি বেইনে একসঙ্গে কাপড় বোনার কাজ করেন চারজন নারী। ভারতীয় জনপদে ‘কঠিন চীবর দান’ শব্দটা ভগবান বুদ্ধের সময় থেকে প্রচলিত। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তুলা কেটে, সুতা বানিয়ে রং করে এবং নানা রকম আচার ও নিয়ম মেনে একটি চীবর তৈরি করতে হয় বলে অনুষ্ঠানের নাম ‘কঠিন চীবর দান’। ইতিহাস বলছে, গৌতম বুদ্ধের সময় মহাপুণ্যবতী বিশাখা বুদ্ধের জন্য এভাবেই ত্রি-চীবর তৈরি করেছিলেন।রাঙামাটির হরিণার সিয়ং পালের কাঞ্চন চাকমা জানান, তাঁদের পাড়ার ৩৭ ঘর মিলে চীবরের জন্য তুলার চাষ করে প্রায় পাঁচ ঝুড়ি তুলা পেয়েছেন। কাঞ্চন চাকমার মতো তিন পার্বত্য জেলার আদিবাসীরা নিজের জমির কিছু অংশে তুলার চাষ করেন। বিভিন্ন এলাকা থেকে সেই তুলা নিয়ে তাঁরা জড়ো হন রাজবন বিহারে। এখানে উপাসক-উপাসিকা পরিষদের সদস্যরা মানসম্মত তুলা বাছাই করেন। তা ব্যবহূত হয় চীবর তৈরিতে।এ বছর বেইন ঘরে চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা মিলে মোট ৭৫০ জন আদিবাসী নারী কাজ করেছেন একসঙ্গে। সে এক কর্মযজ্ঞ। উপাসক পরিষদের সহসম্পাদক থোয়াই অং মারমা বলেন, রাঙামাটির রাজবন বিহারে ৩৭ বছর ধরে এভাবে নিয়ম মেনে হাতে ত্রি-চীবর তৈরি করা হচ্ছে। দোয়াজিক, অন্তর্বাস, চীবর ও কটিবন্ধনী মিলে হয় ত্রি-চীবর।প্রতিবছর রাজমাতা ত্রি-চীবর তৈরির কাজ উদ্বোধন করেন। ২৪ ঘণ্টা পর তৈরি হওয়া ত্রি-চীবর বিহারের অধ্যক্ষ বনভান্তের হাতে তুলে দেন চাকমা রাজা। আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হয় চীবর দানের তিন মাসব্যাপী কঠোর ধর্মীয় আনুষ্ঠানিকতা। এরপর দেশের নানা জায়গায় বৌদ্ধধর্মে বিশ্বাসীদের ‘কঠিন চীবর দান’ অনুষ্ঠান চলে আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত। টানা এক মাস। তবে সব চীবর যে ধর্মীয় আচার এবং নিয়ন মেনে তৈরি হয় তা নয়। এখানেও ছোঁয়া লেগেছে আধুনিক প্রযুক্তি আর বাজার সংস্কৃতির। তাই কোনো কোনো ক্ষেত্রে বাজার থেকে কেনা চীবরও ভিক্ষুদের দান করা হয়। বর্তমানে বাজারে থাই এবং বার্মিজ চীবরের সরবরাহ যথেষ্ট। ধর্মীয় আচার মেনে হাতে চীবর তৈরি ও তা দান করা হয় একমাত্র রাঙামাটির রাজবন বিহারে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামজুড়ে চলে বড় অনুষ্ঠানের আয়োজন। হইচই। মূল অনুষ্ঠানের তিন দিন আগে থেকে রাঙামাটি মুখর হয়ে ওঠে বিভিন্ন নৃগোষ্ঠীর পদভারে। বিহার প্রাঙ্গণে বসে আদিবাসীদের ঐতিহ্যবাহী বিভিন্ন সামগ্রীর মেলা। কেনাবেচা চলে দিন-রাত। আয়োজকেরা জানালেন, এ বছর এই অনুষ্ঠানে পুণ্যার্থী এসেছে পাঁচ লাখেরও বেশি।