ধর্মীয় আনুষ্ঠানিকতায় জন্মাষ্টমী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও নানা আনুষ্ঠানিকতায় গতকাল বুধবার সারা দেশে সনাতন ধর্মাবলম্বী ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উদ্যাপন করেছেন। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা, শ্রীকৃষ্ণ কীর্তন, নামযজ্ঞ, ধর্মীয় আলোচনা, পদাবলি কীর্তন, গীতাপাঠসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীতে সবচেয়ে বর্ণাঢ্য আয়োজন হয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। সকালে সেখানে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতা পাঠ করা হয়। দুপুরে শ্রীকৃষ্ণের পূজা হয়। এরপর রাজধানীর বিভিন্ন মন্দির থেকে ট্রাকে, ভ্যানে ও পায়ে হেঁটে হাজারও ভক্ত বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে মন্দির প্রাঙ্গণে সমবেত হতে থাকেন। বেলা তিনটার আগেই ঢাকেশ্বরী মন্দির ও এর সমগ্র প্রাঙ্গণ ভক্তদের পদচারণে মুখর হয়ে ওঠে। বেলা সোয়া তিনটার দিকে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকার মেয়র সাদেক হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। এরপর পলাশী হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি জাতীয় প্রেসক্লাব, গোলাপশাহ মাজার ও ইংলিশ রোড হয়ে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বাহাদুরশাহ পার্কে গিয়ে শেষ হয়। তবে পথে বংশাল এলাকায় ফজলুল করিম কমিউনিটি সেন্টার অতিক্রম করার সময় স্থানীয় থানাসংলগ্ন মসজিদের সামনে থেকে একদল দুষ্কৃতকারী মিছিলের পেছনে ইট-পাটকেল ছুড়ে মারে। এতে শান্তিপূর্ণ মিছিলে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।বিভিন্ন স্থানে জন্মাষ্টমী পালন: পুরান ঢাকার ইসকন মন্দিরে সকাল থেকে রাত পর্যন্ত নামকীর্তন, নামযজ্ঞ ও ধর্মীয় আলোচনায় যোগ দেন ভক্তরা। রামকৃষ্ণ মিশন, রমনা কালীবাড়ি ও মা আনন্দময়ী আশ্রম, বরদেশ্বরী মন্দির, রামসীতা মন্দির ও ফরিদাবাদের রামকৃষ্ণ গোস্বামী গিরিধারী আখড়া ও মন্দিরে নানা আয়োজনে জন্মাষ্টমী উদ্যাপিত হয়। ঢাকার বাইরে দিনাজপুরে কান্তজির মন্দির থেকে ভগবানের প্রতিমা রাজবাড়ীর মন্দিরে এনে স্থাপন করা হয়। রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গতকাল বঙ্গভবনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিঞা, ভারত ও নেপালের রাষ্ট্রদূত ও বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।