ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিতে হাইকোর্টের নির্দেশ
সারা দেশের সব ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধমন্দির ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার তদন্তে সরকার গঠিত কমিটির প্রতিবেদন ১৭ অক্টোবর আদালতে দাখিল করতে বলা হয়েছে। গতকাল বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি এ আদেশ দেন। রামু উপজেলার বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া গত মঙ্গলবার হাইকোর্টে এই রিট আবেদনটি করেন। গতকাল এর ওপর শুনানি হয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী বি এম ইলিয়াস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার। চট্টগ্রামের পটিয়া, কক্সবাজারের টেকনাফ, রামু, উখিয়া এলাকার জনগণ এবং ধর্মীয় স্থাপনা, বাড়িঘরের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চ। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অন্তর্বর্তীকালীন এ আদেশের পাশাপাশি রুলও জারি করেন। একই সঙ্গে ওই সব এলাকায় গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর ঘটে যাওয়া ঘটনায় সংশ্লিষ্টদের ভূমিকাও সাত দিনের মধ্যে ব্যাখ্যা করতে বলা হয়েছে। রুলে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, চট্টগ্রাম ও কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিবাদীদের সাত দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর রামু, উখিয়া, টেকনাফ ও পটিয়ার ঘটনায় প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী সুব্রত চৌধুরী। ওই বিষয় নিয়ে আইনজীবী ইউনূস আলী আকন্দও রিট দাখিল করেন। শুনানি নিয়ে আদালত আদেশ দেন। রাষ্ট্রপক্ষে আদালতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল নুসরাত জাহান মামলা পরিচালনা করেন। প্রথম রিটের রুলের বিষয়ে বি এম ইলিয়াস পরে প্রথম আলোকে বলেন, রামু, উখিয়া, টেকনাফ ও পটিয়ায় বৌদ্ধমন্দিরে হামলার ঘটনায় স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে পাঁচ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালত বলেছেন, সরকারের তদন্ত কমিটির কার্যক্রমের সঙ্গে আদালতের আদেশ সাংঘর্ষিক হবে না। ওই ঘটনায় আদালত উদ্বেগ প্রকাশ করেছেন।