ধর্মীয় উৎসব ঘিরে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা ও শারদীয় দুর্গোৎসব সামনে রেখে শুভেচ্ছা ও দোয়া চেয়ে আগাম প্রচারণায় নেমেছেন বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীরা। শহরজুড়ে শোভা পাচ্ছে এসব সম্ভাব্য প্রার্থীর বিভিন্ন ধরনের ডিজিটাল ব্যানার-ফেস্টুন।
এ বছরের নভেম্বরে শেরপুর পৌরসভার বর্তমান মেয়রের মেয়াদ শেষ হবে এবং ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি।
শহরের ২০-২৫ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, মেয়র ও কাউন্সিলর পদের জন্য নতুন ও পুরাতন মিলে সম্ভাব্য শতাধিক প্রার্থী মাঠে নেমেছেন। তাঁরা শহরের বিভিন্ন মোড়ে ডিজিটাল ব্যানার-ফেস্টুন টানিয়েছেন। পাড়া-মহল্লায় যাচ্ছেন, দোয়া চাইছেন এবং মহল্লাভিত্তিক উন্নয়নের কথা তুলে ধরছেন। ব্যানার-ফেস্টুন ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচারণা চালাচ্ছেন।
মেয়র পদের সম্ভাব্য প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সাত্তার, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম, শেরপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলার কুসুম্বী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম পান্না, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার বর্তমান মেয়র স্বাধীন কুমার কুণ্ডু, সিপিবির উপজেলা কমিটির সভাপতি হরিশংকর সাহা ও জাতীয় পার্টির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নূরুজ্জামান বারী। এ ছাড়া ওয়ার্ড কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলরসহ প্রতিটি ওয়ার্ডে চার-পাঁচজন করে সম্ভাব্য প্রার্থী রয়েছেন।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, শহরের বিভিন্ন মোড়ে ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লাগানো সম্ভাব্য প্রার্থীদের ডিজিটাল ব্যানার ও ফেস্টুন শোভা পাচ্ছে। এ সময় সাত-আটজন সম্ভাব্য প্রার্থীকে প্রচারণা চালাতে ও জনসংযোগ করতে দেখা যায়।
প্রচারণা চালানোর সময় সম্ভাব্য প্রার্থী আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, পৌরবাসী তাঁকে মেয়র পদে নির্বাচিত করলে তিনি দুর্নীতিমুক্ত শেরপুর পৌরসভা ও পৌর শহরকে আধুনিক শহরে রূপান্তরিত করবেন।
তারিকুল ইসলাম বলেন, তিনি নির্বাচিত হলে শেরপুর পৌরবাসীকে নিরাপদ শহর উপহার দেবেন।
শেরপুর পৌরসভার মেয়র স্বাধীন কুমার কুণ্ডু বলেন, শেরপুর শহরকে বাসযোগ্য শহরে পরিণত করার উন্নয়ন কর্মকাণ্ড তিনিই শুরু করেছেন। শাহ আলম পান্না বলেন, অতীতে শেরপুর পৌরসভায় তাঁর বাবা ও বড় ভাই চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে উন্নয়ন করেছিলেন। তিনি নির্বাচিত হলে পৌরসভাকে শহরবাসীর কাছে জবাবদিহির প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান।
ওয়ার্ড কাউন্সিলর পদের নতুন মুখ সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের জহুরুল ইসলাম ও রেজাউল করিম এবং ৪ নম্বর ওয়ার্ডের মুকুল হোসেন বলেন, ওয়ার্ডের বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিত তাঁরা আগামী পৌরসভা নির্বাচনে প্রার্থী হবেন। এ জন্য দুই বড় ধর্মীয় উৎসব সামনে রেখে তাঁরা বাসিন্দাদের দোয়া ও আশীর্বাদ চেয়ে প্রচারণা চালাচ্ছেন।