ধর্মীয় ও সাংস্কৃতিক বিভেদ কমাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ম, বর্ণ ও সাংস্কৃতিক বৈষম্যের জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ছে মানুষ। নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের অভাবে উত্থান হচ্ছে জঙ্গিবাদের। জোর প্রয়োগ ও শাস্তি দিয়ে এসব সমস্যার সমাধান সম্ভব নয়। এর জন্য সবাইকে পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে সমাধানের পথ খুঁজতে হবে। কমাতে হবে ধর্মীয় ও সাংস্কৃতিক বিভেদ। তবেই একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখা যেতে পারে, যেখানে মানুষ খুঁজে পাবে শান্তি।গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সিনেট ভবনে আন্তর্জাতিক আন্তধর্মীয় ও আন্তসাংস্কৃতিক সংলাপবিষয়ক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আন্তধর্মীয় ও আন্তসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র, শিক্ষামন্ত্রণালয় এবং বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কোর যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আন্তধর্মীয় ও আন্তসাংস্কৃতিক আলোচনা পারস্পরিক সমঝোতা বৃদ্ধি ও চলমান দ্বন্দ্ব নিরসন করে। বিভিন্ন ধর্মে বিশ্বাসীরা যখন নিজ ধর্মের মাহাত্ম্য গভীরভাবে অনুধাবন করতে সক্ষম হবেন, তখনই তাঁদের বিশ্বাস, ধৈর্য ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য সমাজ ও রাজনৈতিক জীবনে প্রতিষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া বলেন, আন্তধর্ম ও আন্তসংস্কৃতির মধ্যে মেলবন্ধনের ক্ষেত্রে বিরল দৃষ্টান্ত এই বাংলাদেশ। সভাপতির বক্তব্যে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ধর্মকে এখন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। দেশের অগ্রগতির স্বার্থে এটা চলতে দেওয়া উচিত নয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, আইসেস্কোর পরিচালক আব্বাস সদরী, ঢাকার ইউনেস্কোর প্রধান এরেক ইলিয়াস, সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক কাজী নুরুল ইসলাম প্রমুখ। তিন দিনব্যাপী এ সম্মেলনে ১৭টি দেশ থেকে ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন।