তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, জন্ম থেকেই বাংলা ভাষা একটি সংগ্রামী ও নির্যাতিত ভাষা। কোনো ধর্মের নেতারাই এর বিকাশ চাননি।গতকাল শনিবার রাজধানীর শিশু একাডেমী মিলনায়তনে সার্ক কালচারাল সোসাইটি নামে একটি সংগঠন আয়োজিত জাতীয় মাতৃভাষা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা ‘সার্ক’ সম্পর্কে আকবর আলি খান বলেন, সার্ক সরকারি বিষয় হয়ে আছে, জনগণের কাছে যেতে পারছে না। সার্ক দেশগুলোর মধ্যে সংযোগ (কানেকটিভিটি) মানে শুধু রাস্তা আর রাজনৈতিক সংযোগ নয়, জনগণের সঙ্গে জনগণের সংযোগ হতে হবে। মানুষে মানুষে নিবিড় সংযোগ প্রতিষ্ঠিত না হলে রাষ্ট্রে রাষ্ট্রে বন্ধুত্ব টিকে থাকে না।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এ উপদেষ্টা বলেন, কেবল পঞ্চাশের দশকেই নয়, সপ্তম শতকেও বাংলার বিরোধিতা হয়েছে। বিরোধিতা বাংলাকে দুর্বল করতে পারেনি, বরং জাতিকে রাজনৈতিক মুক্তির পথ দেখিয়েছে।আকবর আলি খান বলেন, সংস্কৃত ভাষার পণ্ডিতেরা বাংলা ভাষার বিকাশ চাননি। বাংলায় সংস্কৃত গ্রন্থের অনুবাদ তাঁরা মেনে নিতে পারেননি। আবার মোল্লারাও ফার্সি-উর্দুর অনুবাদে বাংলাকে চাননি। তিনি বলেন, বাংলা ভাষা বিকশিত হয় প্রান্তিক ভাষা হিসেবে।আকবর আলি বলেন, বাংলা ভাষার ব্যাপারে যথেষ্ট গবেষণা হয়নি। ১৬ কোটি মানুষের মধ্যে এ ভাষার বইয়ের সংখ্যাও কম। উচ্চশিক্ষার বাহন হিসেবে বাংলাকে ব্যবহারের জন্য প্রয়োজনের এক-দশমাংশ বইও এখন নেই। এর জন্য পর্যাপ্ত বরাদ্দ দরকার।সার্ক কালচারাল সোসাইটির সভাপতি সৈয়দ আবু হোসেনের সভাপতিত্বে আলোচনায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বিশেষ অতিথি ছিলেন।