প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মীয় কোনো বিষয় নয়, রাজনৈতিক কারণে নারীনীতির বিরোধিতা করা হচ্ছে। নারীনীতিতে কোরআন-সুন্নাহবিরোধী কিছু নেই। প্রধানমন্ত্রী নারীনীতির বিরোধীদের উদ্দেশে বলেন, ‘ইসলামের স্বার্থে জঙ্গিবাদ, বোমাবাজি বন্ধ করুন। ধর্মের বদনাম করবেন না।’গতকাল বুধবার দুপুরে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় কমিটির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন। ইসলামের অপব্যাখ্যা দিয়ে দেশে শান্তি নষ্ট করার অপচেষ্টাকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে তিনি দেশের আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সারা দেশ থেকে বিপুলসংখ্যক ওলামা-মাশায়েখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই জমিয়াতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে পবিত্র কোরআন শরিফসহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ উপহার দেওয়া হয়। প্রধানমন্ত্রী শিক্ষানীতি অনুযায়ী দেশে অ্যাফিলিয়েটিং ক্ষমতাসম্পন্ন একটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন। এ ছাড়া মাদ্রাসাশিক্ষকদের দাবি অনুযায়ী এবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের বেতন পর্যায়ক্রমে বৃদ্ধি, পৃথক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর গঠন এবং একাধিক মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠনের ঘোষণা দেন। প্রধানমন্ত্রী ১৯৯৮ সালে জাতিসংঘে সিডো সনদে স্বাক্ষরের কথা উল্লেখ করে বলেন, ‘এই সনদে কোরআন-সুন্নাহবিরোধী যেসব বিষয় ছিল, তাতে আমরা আপত্তি জানিয়েই স্বাক্ষর করেছি। কিন্তু আজ যাঁরা এটির বিরোধিতা করছেন, তাঁরা ২০০১ সালে ক্ষমতায় এসেছিলেন। তখন তাঁরা এটা বাতিল করলেন না কেন?’ প্রধানমন্ত্রী বলেন, সম্পদ, কর্মসংস্থান, বাজার ও ব্যবসায় নারীকে সমান সুযোগ ও অংশীদারি দেওয়া এবং উপার্জন, উত্তরাধিকার, ঋণ আর বাজার ব্যবস্থাপনার মাধ্যমে অর্জিত সম্পদের ক্ষেত্রে নারীর পূর্ণ নিয়ন্ত্রণের অধিকারের বিষয়টি কোরআন-সুন্নাহবিরোধী নয়। সংবিধানে নারী-পুরুষের সমানাধিকারের বিষয়টি পরিষ্কার করে বলা আছে।আলেম-মাশায়েখদের প্রতি প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, ‘কোমলমতি ও নিরীহ মাদ্রাসাছাত্রদের ভুল বুঝিয়ে তাদের হাতে পবিত্র কোরআন শরিফ ও লাঠি তুলে হরতালে রাস্তায় নামানো কি ঠিক হয়েছে? কোনো খাঁটি মুসলমান কি পবিত্র কোরআন শরিফের এ ধরনের অবমাননা করতে পারে?’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করেছি। এ শিক্ষানীতিতে মাদ্রাসাশিক্ষাকে জাতীয় শিক্ষাব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণ্য করা হয়েছে। কেউ কেউ এ শিক্ষানীতির বিরোধিতা করেন। তবে কি তাঁরা চান না, মাদ্রাসার শিক্ষার্থীরা উচ্চশিক্ষিত হোক?’ তিনি বলেন, কওমি মাদ্রাসাগুলোর উন্নয়নে বিশেষজ্ঞ আলেম ও শিক্ষাবিদদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। তাঁদের সুপারিশের ভিত্তিতে এর উন্নয়নের ব্যবস্থা করা হবে। তিনি ঘোষণা দেন, এখন থেকে ৪০ জন মেধাবী মাদ্রাসা-শিক্ষার্থীকে ২৫, ২০ ও ১৫ হাজার টাকা করে বৃৃত্তি দেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে, তখনই ইসলামের প্রচার ও প্রসারে কাজ করেছে। বায়তুল মোকাররম মসজিদের জায়গাটি আইনগতভাবে মসজিদের ছিল না। আওয়ামী লীগ সরকার এ জায়গা মসজিদকে দিয়েছে। বায়তুল মোকাররম মসজিদের মিনার নির্মাণসহ সৌন্দর্যবর্ধনের কাজ করছে। অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ও দৈনিক ইনকিলাব-এর সম্পাদক এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব অধ্যক্ষ সাব্বির আহমেদ মোমতাজী বক্তব্য দেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুল করিম।