ধর্মীয় প্রতিষ্ঠানের নামে দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে সরকারি জমি দখল করে বহুতল মার্কেট নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আদালতে মামলা হলে নির্মাণকাজ বন্ধ রেখে স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দিলেও নির্মাণকাজ চলছে। তবে অভিযুক্তদের দাবি, তাঁরা একটি ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষে মার্কেট নির্মাণ করছেন। আদালতে দায়ের করা মামলা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাহেরপুরে বারানই নদীর ধারে হিন্দু সম্প্রদায়ের মন্দিরের পাশে ছয় শতাংশ খাস জমির ওপর দিয়ে লোকজনের চলাচলের রাস্তাঘাট ছিল। এলাকার লোকজন রাস্তা ও তাহেরপুর পৌরসভা ঘাটটি ব্যবহার করে আসছে। তাহেরপুর পৌরসভা কর্তৃপক্ষ ঘাটটি রক্ষার জন্য ১৫ লাখ টাকা ব্যয়ে রিটানিং ওয়াল নির্মাণ করে দেয়। কিছুদিন আগে তাহেরপুরের আটজন বড় ব্যবসায়ী শ্যামল চন্দ্র, বীরেন্দ্রনাথ কুণ্ডু, চঞ্চল, সঞ্জয় কুমার সাহা, দিনেশ চন্দ্র, সুশান্ত, কালীপদ ও সজেন জায়গাটি দখল করে ঘিরে ফেলেন। পরে তাঁরা সেখানে তিনতলা মার্কেটের নির্মাণকাজ শুরু করেন। সরেজমিনে গতকাল সোমবার গিয়ে নির্মাণকাজ অব্যাহত রাখার দৃশ্য দেখা যায়। শ্রমিকেরা প্রথম তলার ছাদ দেওয়ার জন্য কাজ করছেন। বারানই নদীর তীর ঘেঁষে ভবন নির্মাণ করা হচ্ছে। এর পাশেই রয়েছে মন্দির। স্থানীয় বাসিন্দা জেকের আলী জানান, দীর্ঘদিন ধরে জায়গাটি জনসাধারণের কাজে ব্যবহার হয়ে আসছে। হঠাৎ করে স্থানীয় প্রভাবশালীরা সেখানে মার্কেট তৈরি করছেন। স্থানীয় লোকজন জানান, দখল করা জায়গাটির দাম প্রায় ৯০ লাখ টাকা। দখলকারী সঞ্জয় কুমার সাহা বলেন, জায়গাটি তাঁদের মন্দিরের, কিছু অংশ খাস। তাঁরা মন্দিরের পক্ষে অনুমতি নিয়েই ১৮ শতাংশ জায়গার ওপর মার্কেট নির্মাণ করছেন বলে জানান। সেখানে তাঁরা নিচতলায় ১৬টি ঘর নির্মাণ করেছেন। এ জন্য তাঁদের কাছ থেকে প্রতিটি ঘর বাবদ দেড় লাখ টাকা করে নেওয়া হয়েছে। টাকাগুলো কে নিয়েছেন তা তাঁরা বলেননি। আদালতের নির্দেশ অমান্য করে মার্কেট নির্মাণ অব্যাহত রাখা প্রসঙ্গে তিনি বলেন, তাঁরা সব নিষেধাজ্ঞার কপি পেয়েছেন। তবে নালিশি জায়গায় নির্মাণকাজ বন্ধ রেখেছেন বলে দাবি করেন। তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র আবু নাঈম শামসুর রহমান জানান, জায়গাটি ১ নম্বর খাস খতিয়ানের। তাঁর সময়ে প্রথমে জায়গাটি দখল করে মার্কেট নির্মাণ শুরু হলে তিনি তা বন্ধের জন্য তিন দফা নোটিশ দিয়েছেন। কিন্তু কাজ বন্ধ করতে পারেননি। তাহেরপুরের বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, পৌরসভা সেখানে তিনতলা মার্কেট নির্মাণের অনুমতি দিয়েছে। জায়গাটি হিন্দু সম্প্রদায়ের বলে তিনি জানেন। বাগমারার সহকারী কমিশনার (ভূমি) আবদুল হামিদ মিয়া জানান, তাঁরাও একাধিকবার দখলকারীদের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন। কিন্তু তাঁরা তা মানেননি। বিষয়টি নিয়ে আদালতে মামলা রয়েছে। এখন আর কিছুই করার নেই। আদালতের নির্দেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।