ধর্মীয় ব্যক্তিত্বের নামে নামকরণ নিরাপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বর্তমানে শ্রদ্ধাভাজন ধর্মীয় ব্যক্তিত্বদের নামে নামকরণের নতুন সংস্কৃতি চালু হয়েছে। এর ধারাবাহিকতায় বিএনপি আমলে চট্টগ্রাম এম এ হান্নান বিমানবন্দর শাহ আমানতের নামে এবং আওয়ামী লীগ আমলে ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম হজরত শাহজালাল (র.)-এর নামে নামকরণ হয়েছে। কারণ উভয় দল এ ধরনের ধর্মীয় ব্যক্তিত্বের নামে নামকরণ নিরাপদ মনে করেছে।গতকাল সোমবার কিশোরগঞ্জ প্রেসক্লাবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, দেশে বর্তমানে নামকরণ নিয়ে অশুভ বাণিজ্য চলছে। প্রতিটি সরকারের আমলে আগের আমলের নাম বদল করে নতুন নামকরণের প্রতিযোগিতা চলছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, যোগ্যতা নেই এবং দেশমাতৃকার জন্য কোনো অবদান নেই, এমন লোকের নামেও নামকরণ হচ্ছে। এমনকি কোনো ব্যক্তি জীবিত থাকতেই তাঁর নামেও নামকরণ হচ্ছে। অথচ বিদেশে কোনো ব্যক্তির মৃত্যুর পর তাঁর নামে নামকরণ হয়। বহু বছর ধরে এই নাম টিকে থাকে এবং ক্ষমতাসীন কোনো দলই এই নাম পরিবর্তন করে না।কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে নাছিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ, জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহিদুল ইসলাম, সাংবাদিক কাজী শাহীন খান প্রমুখ। পরে আশরাফ কিশোরগঞ্জ জেলা পরিষদ আয়োজিত জেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে অনুদান এবং দুস্থদের মধ্যে ৫০ লাখ টাকার কম্পিউটার, সেলাই মেশিন, রিকশাসহ বিভিন্ন পণ্য বিতরণ করেন।