সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদ্যাপিত হয়েছে। শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর অবতার। তাঁর পবিত্র জন্মতিথিই জন্মাষ্টমী। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে গতকাল সোমবার রাজধানী ঢাকাসহ সারা দেশে দিনটি উদ্যাপিত হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীরা নামকীর্তন, প্রার্থনা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদ্যাপন করেন। জন্মাষ্টমী উপলক্ষে গতকাল ছিল সরকারি ছুটির দিন। সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল, বেতার এদিনে বিশেষ অনুষ্ঠান প্রচার করে। সংবাদপত্রগুলো তাৎপর্য তুলে ধরে বিশেষ লেখা প্রকাশ করে।
জন্মাষ্টমী উপলক্ষে গতকাল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া মহানগর সর্বজনীন পূজা কমিটি জন্মাষ্টমী উৎসব কেন্দ্রীয়ভাবে উদ্যাপন করেছে। জন্মাষ্টমী শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। রাজধানীর বিভিন্ন থানা, মঠ ও মন্দির থেকে আসা ভক্তরা বেলা আড়াইটার মধ্যে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমবেত হন। জন্মাষ্টমীর শোভাযাত্রা বেলা তিনটায় পলাশীর মোড় থেকে শুরু হয়ে জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর,
হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপ শাহ্ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড, রায় সাহেব বাজার হয়ে বাহাদুর শাহ্ পার্কে গিয়ে শেষ হয়।
ঢাকা ছাড়া যশোর, পাবনা, শেরপুর, বরগুনা, নড়াইল, বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর, রাজশাহী, খুলনা, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, শরীয়তপুর, মৌলভীবাজার, বান্দরবান, কুমিল্লা, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, নরসিংদী, ঠাকুরগাঁও, জয়পুরহাট, পঞ্চগড়, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর, নীলফামারী, হবিগঞ্জ, মাগুরা, খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন স্থানে দিবসটি উদ্যাপন করা হয়েছে।