ধর্মীয় মূল্যবোধ ধারণ ও লালনের মাধ্যমেই কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসো দয়া করি, দয়ার মানুষ হই’ স্লোগানে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান কারিতাসের উদ্যোগে চট্টগ্রামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ইসলাম, সনাতন, বৌদ্ধ ও খ্রিষ্টধর্মের চারজন বক্তা নিজ নিজ ধর্মের আলোকে ত্যাগ ও সেবার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, ধর্মীয় মূল্যবোধ ধারণ ও লালনের মাধ্যমেই মানুষের কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব।
অসহায় ও দরিদ্র মানুষের সেবায় সবাইকে অনুপ্রাণিত করতে গত ১০ ফেব্রুয়ারি থেকে দুই মাসব্যাপী ‘ত্যাগ ও সেবা অভিযান’ শুরু করেছে কারিতাস।
এ উপলক্ষে গতকাল রোববার চট্টগ্রাম নগরের হিলভিউ এলাকায় কারিতাসের আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল জলিল। ত্যাগ ও সেবা অভিযানের উদ্বোধন করেন চট্টগ্রাম ডায়োসিসের বিশপ মজেস কস্তা। আলোচনায় অংশ নেন মাওলানা মুহম্মদ আলীম উল্লাহ, অধ্যাপক দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া, অধ্যক্ষ শক্তি নাথানন্দজী মহারাজ, ফাদার লিওনার্দো সি রিবেরু।
বক্তারা বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় ও কল্যাণময় পৃথিবী গড়তে নিজেকে পরিশুদ্ধ করা এবং প্রতিবেশীর প্রতি দয়াশীল হতে হবে। তাঁরা বলেন, স্বার্থপরতা, হানাহানি ও একে-অপরের প্রতি বিদ্বেষ ক্রমেই বেড়ে চলেছে। মানুষের প্রতি মানুষের মর্যাদা ও ভালোবাসা নেই। এ অবস্থা থেকে উত্তরণের জন্য কল্যাণমুখী সমাজ গঠন করতে হবে। শুধু আইন করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক জেমস গোমেজ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কারিতাসের বিভিন্ন প্রকল্পে কর্মরত ২৯ জন কর্মীকে সম্মাননা প্রদান করা হয়।