ধর্মীয় মৌলবাদ রুখবে বৈচিত্র্যময় সংস্কৃতি

ধর্ম ও রাজনীতিকে আলাদা রাখতেই হবে। না করলে কোনোটিই সুস্থ থাকতে পারবে না। ধর্মাশ্রয়ী রাজনীতি যে কী পরিমাণ ক্ষতিকর হতে পারে, দক্ষিণ এশিয়ার দেশগুলো এর প্রমাণ।
‘ধর্ম ও রাজনীতি: দক্ষিণ এশিয়া’ বিষয়ে আন্তর্জাতিক গণবক্তৃতা ও সম্মেলনের শেষ দিনে গতকাল শনিবার এ অঞ্চলের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে নানা উদ্বেগের পরও আশার কথা শোনালেন বিশিষ্ট ইতিহাসবিদ, রাজনীতিক ও মানবাধিকারকর্মীরা। সবাই বললেন, বৈচিত্র্যময় বহুত্ববাদী সংস্কৃতির মধ্যেই আছে আশার বীজ। এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এ গণবক্তৃতায় গতকাল তিনটি অধিবেশন ছিল। কিন্তু দিনটি বোধ হয় ছিল ভারতের রাজ্যসভার সদস্য মণিশঙ্কর আয়ারের। বর্ষীয়ান এই রাজনীতিকের বক্তৃতায় উঠে এল এ অঞ্চলের প্রাচীন থেকে শুরু করে নিকট অতীতের নানা ঘটনা পরম্পরা। ধর্মের রাজনীতি কীভাবে ইতিহাসের ভুল ব্যাখ্যা করে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহূত হয় এর অনুপুঙ্খ বর্ণনা ছিল তাঁর এক ঘণ্টার মনোমুগ্ধকর বক্তৃতায়। ভারতবর্ষের ইতিহাসে যে গেরুয়াকরণ করা হচ্ছে এর তীব্র সমালোচনা করেন তিনি।
বাবরি মসজিদ ধ্বংসের পর পাকিস্তানি এক কর্তাব্যক্তির উদ্ধৃতি দিয়ে মণিশঙ্কর বললেন, ওই পাকিস্তানি শাসক ভারতের তৎকালীন রাষ্ট্রদূতকে বলেছিলেন, মসজিদটি ধ্বংসের মধ্য দিয়ে হিন্দুরা বাবরের কাছে তাদের পরাজয়ের প্রতিশোধ নিল। অথচ মজার ঘটনা হলো, বাবর কোনো হিন্দু শাসককে নয়, পরাজিত করেছিলেন ইব্রাহীম লোদীকে।
জম্মু বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রিয়াজ পাঞ্জাবি বলেন, সমাজ ও ভাষার আরবীয়করণ হচ্ছে। ‘খোদা হাফেজ’ হয়ে গেছে ‘আল্লাহ হাফেজ’। তিনি বলেন, আরবীয় ওয়াহাবি ধারার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন দরগা, সুফি, সন্তরা। অথচ এই উপমহাদেশে ইসলামের বিকাশ ঘটেছিল তাঁদের মাধ্যমেই।
ধর্মীয় চরমপন্থাই শেষ কথা নয়, এ কথা বলে আলোচনায় জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের হোমল্যান্ড সিকিউরিটি পলিসি ইনস্টিটিউটের সদস্য রোহন গুণারত্নে বললেন, উন্নত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা গেলে গণমাধ্যম এবং রাজনীতিকদের ইতিবাচকভাবে ব্যবহার করা গেলে চরমপন্থার উৎপাটন সম্ভব।
দিনের আলোচনায় আরও কথা বলেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর আহ্বায়ক মুনতাসীর মামুন, শাহরিয়ার কবির, মেজবাহ কামাল প্রমুখ।
জামায়াতের রাজনীতি করার অধিকার নেই এ দেশে: আলোচনায় জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর ছেলে সৈয়দ হায়দার ফারুক মওদুদী ধর্মাশ্রয়ী রাজনীতির সুবিধাবাদিতার চিত্র তুলে ধরলেন। বললেন, ‘জামায়াত পাকিস্তান না চাইলেও পাকিস্তান সৃষ্টির পর মওদুদী বললেন, আমি (মওদুদী), জিন্নাহ আর ইকবাল মিলেই তো পাকিস্তান বানালাম।’ তিনি বললেন, ‘জামায়াত বাংলাদেশের শুধু বিরোধিতা করেনি, এখানে গণহত্যায় অংশ নিয়েছে। জন্ম-পরিচয়হীন সন্তানের যেমন সম্পত্তিতে কোনো অধিকার থাকে না, জামায়াতেরও এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।’
মমতা কেন্দ্রীয় সরকারকে অগ্রাহ্য করছেন: দর্শকদের প্রশ্নের জবাবে মণিশঙ্কর আয়ার বলেন, পররাষ্ট্রনীতি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে। তিস্তার পানি বণ্টন প্রশ্নে মমতা প্রতিবন্ধকতা তৈরি করে কেন্দ্রীয় সরকারকে অগ্রাহ্য করছেন।