ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতিকে প্রাধান্য দেয় এবং তাঁর সরকার ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল রোববার ভ্যাটিকানের সিনিয়র কেবিনেট মিনিস্টার কার্ডিনাল ফার্নান্দো ফিলোনি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী তাঁকে এ কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, সরকার বিভিন্ন ধর্মবিশ্বাসীর মাঝে সংলাপকে উৎসাহিত করে। বাংলাদেশ ভ্যাটিকানের সঙ্গে সম্পর্ককে যথেষ্ট মূল্য দেয় এবং দুই দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করতে চায়।
শেখ হাসিনা বাংলাদেশে ক্যাথলিক সম্প্রদায়ের গঠনমূলক ভূমিকা পালনে, বিশেষ করে স্বাস্থ্য-শিক্ষাসহ সমাজসেবা কার্যক্রমে তাদের সম্পৃক্ততার প্রশংসা করেন। তিনি ভ্যাটিকানের মন্ত্রীর মাধ্যমে পোপ ফ্রান্সিসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
ভ্যাটিকানের মন্ত্রী বাংলাদেশে বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং সম্প্রীতি রক্ষায় প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, ঢাকায় ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোসহিরি, বাংলাদেশে ক্যাথলিক বিশপ ডি রোজারিও এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম।