বাংলাদেশে গত বছরও ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর প্রতি সহিংসতা, সামাজিক বৈষম্য, হয়রানি চলেছে। ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করেই তাদের জমি দখল করা হয়েছে ও মালিকানা নিয়ে বিতর্ক ছড়ানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের (ইউএসসিআইআরএফ) প্রতিবেদন-২০১৫-তে বাংলাদেশের গত বছরের ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি এভাবেই তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বর্তমান সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি সাধন করলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অন্য রাজনৈতিক দলগুলোর ধর্মীয়ভাবে বিবাদ সৃষ্টিকারী ভাষার ব্যবহার ও কোনো কোনো ক্ষেত্রে তাদের কর্মকাণ্ড ধর্মীয় ও সাম্প্রদায়িক উত্তেজনা বাড়িয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। বিএনপিসহ ১৮ দল ওই নির্বাচনে অংশ নেয়নি। ওই নির্বাচনকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের অনেক সম্পদ লুটপাট হয়েছে, ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, আগুন দেওয়া হয়েছে। এতে হিন্দু সম্প্রদায়ের শত শত মানুষ বাড়ি ছেড়ে পালিয়েছে। খ্রিষ্টান ও বৌদ্ধ সম্প্রদায়ও সহিংসতার শিকার হয়েছে। সহিংসতার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে ধর্মীয় সংখ্যালঘুদের সমর্থন জানান। কিন্তু বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়, ওই সহিংসতা বন্ধের জন্য পুলিশ ও নিরাপত্তা বাহিনী সক্রিয়ভাবে কাজ করেনি।
প্রতিবেদনে বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্লগার ও লেখক অভিজিৎ রায় এবং মার্চে ব্লগার ওয়াশিকুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০১১ সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের আওতায় হিন্দুদের সম্পত্তি ফেরত বা ক্ষতিপূরণের জন্য আবেদন করার সুযোগ দেওয়া হয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে। কিন্তু অভিযোগ উঠেছে, সংকীর্ণভাবে সংজ্ঞায়িত হওয়ায় খুব কম পরিবারই সম্পত্তি ফেরত পেতে আবেদন করতে পারবে।
প্রতিবেদনে বলা হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা ইউএসসিআইআরএফকে বলেছে, তাদের অন্যতম উদ্বেগের কারণ জমি দখল। এটা বাংলাদেশজুড়েই হচ্ছে।
পার্বত্য চুক্তির ক্ষেত্রে বাংলাদেশ সরকার বলছে, চুক্তির ৭২ অনুচ্ছেদের মধ্যে ৪৮টি পুরোপুরি বাস্তবায়িত হয়েছে, ১৫টি আংশিক বাস্তবায়িত হয়েছে। বাকি নয়টি বাস্তবায়িত হয়নি। কিন্তু পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের প্রতিনিধিরা বলছেন, মাত্র ২৫টি অনুচ্ছেদ পুরোপুরি বাস্তবায়ন করা হয়েছে।
বাংলাদেশ সরকারের তথ্যমতে, কক্সবাজারে তিন লাখের মতো রোহিঙ্গা মুসলিম রয়েছে। সরকার তাদের মিয়ানমার থেকে আসা অবৈধ অভিবাসী মনে করে। ইউএনএইচসিআরের সহায়তায় দুটি শিবিরে বাস করছে তারা। কিন্তু মনে করা হয়, শিবিরের বাইরে দুই লাখ থেকে পাঁচ লাখ রোহিঙ্গা বাস করছে, যারা ইউএনএইচসিআর থেকে কোনো সহায়তা পায় না এবং তাদের অবস্থা অমানবিক।
প্রতিবেদনের শেষে ইউএসসিআইআরএফ যুক্তরাষ্ট্র সরকারের কাছে সুপারিশ তুলে ধরেছে। এতে বলা হয়, মার্কিন সরকারের উচিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সব সরকারি কর্মকর্তার প্রতি আহ্বান জানানো, যাতে তাঁরা ধর্মীয়ভাবে বিবাদ সৃষ্টিকারী ভাষা ও কর্মকাণ্ডের প্রতি প্রকাশ্যে নিন্দা জানান। বাংলাদেশে সরকারের স্থানীয় কর্মকর্তা, পুলিশ ও বিচারকদের আন্তর্জাতিক মানের মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ এবং ধর্মকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতাগুলো কীভাবে তদন্ত করতে হয়—সে বিষয়ে যুক্তরাষ্ট্রের সহায়তা দেওয়ার সুপারিশ করা হয় ওই প্রতিবেদনে। একই সঙ্গে জমি দখলের অভিযোগগুলো তদন্ত, চট্টগ্রামের পার্বত্য এলাকায় এনজিওগুলোকে প্রবেশ করতে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানোর সুপারিশ করা হয়েছে।
প্রতিনিধি পরিষদে শুনানি: বাংলাদেশে রাজনৈতিক ও ধর্মীয় চরমপন্থাবাদ নিয়ে গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সময় বেলা দুইটায় ওয়াশিংটনে ‘বাংলাদেশ ফ্রাকচার: পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস এক্সট্রিমিজম’ শীর্ষক শুনানি হওয়ার কথা। প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির অধীন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক এই শুনানির আয়োজন করেছে। শুনানিতে অন্যান্যের মধ্যে ইলিনয় ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আলী রীয়াজ উপস্থিত থাকবেন।