ধর্মীয় সম্প্রীতি জোরদার করতে রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনের জন্য বিদ্যমান ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করতে সব ধর্মের লোকের প্রতি আহ্বান জানিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি বা জন্মাষ্টমী উপলক্ষে আজ বৃহস্পতিবার বঙ্গভবনে এক সংবর্ধনায় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। একতা ও ধর্মনিরপেক্ষতার প্রতি দেশের মানুষের দৃঢ় আস্থা রয়েছে। দেশের অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনের জন্য বিদ্যমান ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব সম্পর্কের মিলিত প্রচেষ্টা রয়েছে।
শ্রীকৃষ্ণের প্রধান আদর্শ ছিল সমাজে মানুষের মধ্যে সংঘাত অবসানে সত্যিকার ভালোবাসা ও সম্প্রীতি গড়ে তোলা—এ কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, শ্রীকৃষ্ণ জীবনব্যাপী মানবতার বন্ধনমুক্তির পথ খুঁজেছেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ধর্মমন্ত্রী মতিউর রহমান এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, গায়ক সুবীর নন্দী, বিশিষ্ট চিকিৎসক সামন্ত লাল সেন, অরূপ রতন চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। পাশাপাশি হিন্দুধর্মীয় ব্যক্তিত্ব, হিন্দু সম্প্রদায়ের নেতা ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পেশার ব্যক্তিরা সংবর্ধনায় অংশ নেন।
বঙ্গভবনে অতিথিদের স্বাগত জানান এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি।
আরও পড়ুন: