ধর্মীয় সম্প্র্রীতি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্র্রীতি বজায় রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল বুধবার সকালে রাজধানীর কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ বিহারে মহামতি বুদ্ধমূর্তি উদ্বোধন এবং অতীশ দীপঙ্কর ও বিশুদ্ধানন্দ ‘শান্তি স্বর্ণপদক’ (পিস গোল্ড মেডেল)-২০১১ প্রদান অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। থাইল্যান্ডের রাজপরিবারের সহযোগিতায় ধর্মরাজিক বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ৪৮ ফুট উঁচু বুদ্ধমূর্তি স্থাপন উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে জাপান, চীন, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ ১১টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বারদা ভঙ্গিতে (মুদ্রা) বাম হস্ত উত্তোলিত এই ধরনের বুদ্ধমূর্তি বাংলাদেশে দুর্লভ। দেশে বর্তমানে এটিই সবচেয়ে দীর্ঘ বুদ্ধমূর্তি।প্রধানমন্ত্রী বলেন, এ দেশের সব ধর্মের মানুষ ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-পরবর্তী গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছে। এ দেশের মানুষ এ গৌরবময় ঐতিহ্য সমুন্নত রাখবে এবং দেশ গড়ার প্রচেষ্টায় সবাই ঐক্যবদ্ধভাবে শরিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।শুদ্ধানন্দ মহাথেরোর সভাপতিত্বে আরও বক্তব্য দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, সাংসদ সাবের হোসেন চৌধুরী, থাইল্যান্ডের রাষ্ট্রদূত তাসানাওয়াদি মিয়ানচারিন, থাইল্যান্ড ফারখার সংগখারক বুনসংগ ইউপাসামোর ওয়াট সংগমেত্তাওয়ানারাম এবং বুদ্ধমূর্তি নির্মাণ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল সুবিরা সংগমেত্তে।প্রধানমন্ত্রী পরে বুদ্ধের বাণী প্রচারে অবদান রাখার জন্য পদকপ্রাপ্ত ব্যক্তিদের স্বর্ণপদক প্রদান করেন।অতীশ দীপঙ্কর শান্তি স্বর্ণপদকপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন থাইল্যান্ডের ফান ওয়ান্নামেত্তি ও ফারাশুর সংগখারাক নুনসংগ ইউপাসামো এবং কোরিয়ার হায় জেয়ং। বিশুদ্ধানন্দ মহাথেরো স্বর্ণপদক পেয়েছেন ইতালির টিভিএস লামা গাংচেন, বাংলাদেশের অজিতানন্দ মহাথেরো, থাইল্যান্ডের মেজর জেনারেল (পুলিশ) সুবিরা সংগমেত্তা এবং জাপানের তাকাশি উয়েমুরা। বাসস।