ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি নিয়ে মার্কিন উদ্বেগ
বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক মার্কিন কমিশন৷ কমিশনের বার্ষিক প্রতিবেদনে এ উদ্বেগ প্রকাশ করা হয়৷ এতে সরকারকে ধর্ম অবমাননাবিষয়ক আইন বাতিলের জন্য মার্কিন সরকারকে আহ্বান জানানোর সুপারিশ করা হয়েছে৷
প্রতিবেদনে বলা হয়, ৫ জানুয়ারি সংসদ নির্বাচনের পর ১৬টি জেলায় সহিংস হামলা হয়৷ বেশির ভাগ হামলা হয় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের নেতৃত্বে৷ বেশ কয়েকটি হিন্দু বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়৷ সহিংসতার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংখ্যালঘুদের রক্ষার প্রতিশ্রুতি দেন৷ কিন্তু পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহিংসতা দমনে যথাযথ ভূমিকা রাখেনি বলে অভিযোগ ওঠে৷
প্রতিবেদনে বলা হয়, গত বছরের এপ্রিলে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত করার’ অভিযোগে তিনজন ব্লগারকে গ্রেপ্তার করা হয়৷ এ সময় জামায়াতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ‘ধর্ম অবমাননায় জড়িত’ এ রকম ৮৪ জনের একটি নামের তালিকা সরকারকে দেন৷
প্রতিবেদনে ২০১১ সালে পাস হওয়া অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের সীমাবদ্ধতার কথাও উল্লেখ করা হয়৷ এতে বলা হয়, স্বাধীনতাযুদ্ধের আগে দখল করা হিন্দুদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার আবেদন-প্রক্রিয়া জটিল৷ তাই অনেক হিন্দু পরিবার ও এনজিও মনে করে, খুব কম সম্পত্তিই ফেরত পাবে তারা৷ পার্বত্য চট্টগ্রাম চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টির পূর্ণ বাস্তবায়ন করা হয়, আংশিকভাবে বাস্তবায়ন করা হয় ১৫টির এবং নয়টি ধারার এখনো বাস্তবায়ন করা হয়নি৷ কক্সবাজারে সরকারি শিবিরে অন্তত তিন লাখ রোহিঙ্গা মুসলিম রয়েছে৷ বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক বিবেচনা করে৷ কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী রোহিঙ্গাদের উদ্বাস্তুর মর্যাদা দেওয়া হয় না৷