ধর্মের অপব্যবহারের চেষ্টা হচ্ছে ভোটের স্বার্থে: ড. কামাল
বিশিষ্ট আইনজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, ভোটের স্বার্থে এখন সস্তাভাবে ধর্মকে অপব্যবহার করার চেষ্টা চলছে। তিনি এর তীব্র নিন্দা জানিয়ে বলেন, ধর্মকে রাজনীতি থেকে সরানোর জন্য সংবিধানে অসাম্প্রদায়িকতার কথা লেখা হয়েছিল। কিন্তু আজ কথায় কথায় ধর্মকে অপব্যবহার করার চেষ্টা করা হচ্ছে।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক মোজাফ্ফর আহমদের স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে ড. কামাল এসব কথা বলেন। মোজাফ্ফর আহমদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সভায় প্রায় সব বক্তাই মোজাফ্ফর আহমদের কর্মময় জীবন স্মরণ করে বলেন, বর্তমান প্রেক্ষাপটে তাঁর মতো প্রতিবাদী ব্যক্তির খুব প্রয়োজন ছিল।
সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, তিনি এ নিয়ে এখন কিছু বলতে চান না। আইনজীবীদের একটি সম্মেলন হবে। সেখানে যা সিদ্ধান্ত নেওয়ার তা নেওয়া হবে। স্মরণসভায় সভাপতির বক্তৃতায় লেখক-সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ হেফাজতের দাবির মুখে ভাস্কর্য সরানোর বিষয়ে বলেন, ‘এটা নষ্ট রাজনীতির দৃষ্টান্ত হয়ে রইল।’
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন অধ্যাপক মোজাফ্ফর আহমদের জামাতা গবেষক মির্জা হাসান, সুজনের নির্বাহী কমিটির সদস্য বদরে আলম খান, কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার, সহযোগী সমন্বয়কারী সানজিদা হক প্রমুখ।