ধর্মের অপব্যাখ্যা করে তরুণদের প্রতারিত করা হচ্ছে: প্রধান তথ্য কমিশনার
সাম্প্রতিক জঙ্গিবাদে ভয় পাওয়ার কিছু নেই। বরং একে প্রতিহত করতে হবে। ধর্মের অপব্যাখ্যা করে তরুণদের প্রতারিত করা হচ্ছে। তাই পরিবার থেকেও তরুণদেরকে ধর্মের সঠিক শিক্ষা দিতে হবে। এ ছাড়া পারিবারিক সচেতনতা বৃদ্ধি, মূল্যবোধ সৃষ্টিসহ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে জঙ্গিবাদ রুখে দিতে হবে। বাংলার মাটিতে জঙ্গিবাদ ঠাঁই পাবে না।
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের মিডিয়া ল্যাব উদ্বোধন উপলক্ষে ‘জঙ্গিবাদ, তথ্য অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান এসব কথা বলেন। গতকাল শনিবার বেলা তিনটায় রাজধানীর কলাবাগানে বিশ্ববিদ্যালয়ের বিজয় ক্যাম্পাসে এ উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার শুরু হওয়ার আগে প্রধান তথ্য কমিশনার মিডিয়া ল্যাব উদ্বোধন করেন। এ সময় এসইউবির বোর্ড অব ট্রাস্টির প্রেসিডেন্ট এ এম শামীম, ভাইস প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, এসইউবির উপাচার্য ইফতেখার গনি চৌধুরী, এসইউবির উপদেষ্টা এস এম এ ফায়েজ, স্কুল অব বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের উপদেষ্টা আশরাফুল ইসলাম চৌধুরী, জেসিএমএস বিভাগের উপদেষ্টা রোবায়েত ফেরদৌস, জেসিএমএসসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।