ধর্মের অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গভবনে গত মঙ্গলবার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছাবিনিময় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ l ছবি: ফোকাস বাংলা
বঙ্গভবনে গত মঙ্গলবার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছাবিনিময় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ l ছবি: ফোকাস বাংলা

ধর্মের অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেছেন, যাতে কেউ ধর্মের অপব্যাখ্যা করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য সতর্ক থাকতে হবে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত মঙ্গলবার ঈদের দিন সকালে বঙ্গভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন। তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘কোনো ধর্মই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ সমর্থন করে না। সকল ধর্মের প্রধান বার্তা হচ্ছে, জনগণের কল্যাণ নিশ্চিত করা।’
রাষ্ট্রপতি আবদুল হামিদ ঈদুল আজহার মূল তাৎপর্য থেকে সামাজিক ও ব্যক্তিজীবনে শিক্ষা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা সবাই ঈদুল আজহার অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সহিষ্ণু সমাজ গড়ে তুলতে পারি। এ জন্য ধৈর্য ও আত্মত্যাগের মানসিকতায় উদ্বুদ্ধ হতে হবে।’
আবদুল হামিদ বলেন, বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ এবং এখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করছে, যা বাংলাদেশের একটি অসাধারণ ঐতিহ্য। তিনি বলেন, ‘জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে সঠিকভাবে ঈদুল আজহার শিক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য নিজেদের সামাজিক ও ব্যক্তিজীবনে অনুসরণ করতে হবে।’
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর স্ত্রী রাশিদা খানম সরকারি শীর্ষ কর্মকর্তা, সুশীল সমাজ এবং বিদেশি কূটনীতিকদের জন্য এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ ছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি, সাংসদ, তিন বাহিনীর প্রধান, সম্পাদক, সচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি, জ্যেষ্ঠ সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব, শিল্পী, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা সংবর্ধনায় যোগ দেন।