ধর্মের অপব্যাখ্যার বিষয়ে সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘শুভ জন্মাষ্টমী’ উপল‌ক্ষে গতকাল বঙ্গভবনে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে রাষ্ট্রপতি আবদুল হামিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। রাষ্ট্রপতির পাশে প্রধান বিচারপতি এস কে সিনহা l ছবি: পিআইডি
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘শুভ জন্মাষ্টমী’ উপল‌ক্ষে গতকাল বঙ্গভবনে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে রাষ্ট্রপতি আবদুল হামিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। রাষ্ট্রপতির পাশে প্রধান বিচারপতি এস কে সিনহা l ছবি: পিআইডি

ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে সব ধর্মের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘শুভ জন্মাষ্টমী’ উপল‌ক্ষে গতকাল সোমবার বঙ্গভবনে হিন্দুধর্মাবলম্বীদের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মতবিনিময়কালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

আবদুল হামিদ বলেন, ‘সকল ধর্মের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ নিশ্চিত করা। কাজেই কেউ যাতে ধর্মের অপব্যাখ্যা দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’

বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, জাতীয় অগ্রগতির স্বার্থে বিদ্যমান ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদার করতে হবে। ধর্মীয় বিশ্বাস প্রত্যেকের একক বিষয়, কিন্তু সবাইকে দেশের উন্নয়নের বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।

রাষ্ট্রপতি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ মিলেই বাঙালি জাতি। ধর্ম যার যার, দেশ সবার। কিন্তু যেকোনো দেশ ও জাতির উন্নয়নে ধর্ম-বর্ণনির্বিশেষে সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। সব ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মৈত্রীর বন্ধন আরও সুদৃঢ় করে দেশ ও জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে সম্মিলিত প্রয়াস চালানোর জন্যও তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ধর্মমন্ত্রী মতিউর রহমান ও হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও নেপালের রাষ্ট্রদূত অনুষ্ঠানে অংশ নেন।